সাইফ কেরাওয়ালাকে স্বাগত জামালদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১২
গোলরক্ষকের সন্ধানে বাংলাদেশ কোচ থমাস ডুলি। তারই ধারাবাহিকতায় তিনি এবার পরখ করছেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত ৬ ফুট ৪ ইঞ্চির সাইফ কেরাওয়ালাকে। কয়েক দিন ধরেই প্রবাসী এ গোলরক্ষক জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন। নতুন এই সতীর্থকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। বাকি সতীর্থরাও বরণ করে নিয়েছেন সাইফকে।
২৯ বছর বয়সী সাইফের বাবা বাংলাদেশি, মা আমেরিকান। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই গোলরক্ষক এখন লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্নে ঘাম ঝরাচ্ছেন। জাতীয় দলে জায়গা করে নিতে অনুশীলনে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন তিনি। গোলরক্ষকদের সঙ্গে সাইফের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে জামাল লিখেছেন, ‘গোলকিপারদের এবং আমাদের নতুন সতীর্থ সাইফ কেরাওয়ালার সঙ্গে একটি ছবি। তিনি ওয়াশিংটন থেকে এসেছেন। দলে স্বাগতম।’
প্রবাসী ফুটবলারদের ট্রায়াল নিয়ে আলোচনায় কোচ ডুলি, বিশেষ করে বাংলাদেশের হয়ে খেলে যাওয়া যুক্তরাজ্যপ্রবাসী কিউবা মিচেলকে পুনরায় ট্রায়াল দেওয়া নিয়ে ফুটবলাঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। নিজের পুরোনো কথাটি নতুন করে আবারও বলেছেন এই আমেরিকান। তাঁর সাফ কথা, মিচেলকে নিজ খরচে বাংলাদেশে এসে ট্রায়াল দিতে হবে, ‘সে সপ্তম বা অষ্টম স্তরের লিগে খেলে। সেটি তো কোনো পেশাদার লিগ নয়। কিউবার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই; তার ওপর আমার কোনো ক্ষোভও নেই। আমি চাই সে এখানে আসুক এবং তার কী সামর্থ্য আছে, তা দেখাক। এটা কি ভুল কিছু?’
নিজ খরচে দেশে আসার শর্তের পেছনের যৌক্তিকতা ও আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরে ডুলি বলেন, ‘জাতীয় দলের হয়ে মাত্র এক বা দুই মিনিট খেলা প্রত্যেক খেলোয়াড়কে এ দেশে নিয়ে আসার জন্য কি ফেডারেশনকে টিকিটের খরচ দিতে হবে? অবশ্যই না! আমাদের সেই বাজেট নেই। একেকজনের পেছনে দুই হাজার ডলার খরচ হয়। এমন পাঁচজন খেলোয়াড় হলে ১০ হাজার ডলার খরচ পড়ে যায়। সবাইকে ডেকে এনে খেলানোর জন্য নিজের খরচে টিকিট কেটে দেওয়ার মতো টাকা আমাদের নেই।’
অতীতে বাংলাদেশের জার্সিতে খেলেছেন কিউবা। তাই আবারও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর সামর্থ্য আছে তাঁর। ডুলির চিন্তা অবশ্য অন্যটা। তাঁর দাবি, কিউবার ম্যাচ টাইমিং খু্ব বেশি নয়। স্বল্প সময়ে খেলা একজন ফুটবলারকে নিয়ে যথেষ্ট সতর্ক আমেরিকান এই কোচ। তবে কিউবা মিচেলের জন্য জাতীয় দলের দরজা একেবারেই বন্ধ নয় বলে জানিয়েছেন ডুলি।
- বিষয় :
- জামাল ভুঁইয়া
- থমাস ডুলি
- বাংলাদেশ ফুটবল