ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেসির ইনস্টাগ্রামেই ফয়সালা ‘সর্বকালের সেরা’ বিতর্কের

মেসির ইনস্টাগ্রামেই ফয়সালা ‘সর্বকালের সেরা’ বিতর্কের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫০ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:১৬

সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? দুই মহাতারকার যুগের শুরু থেকেই ফুটবলবিশ্বে এই বিতর্ক চলে আসছে। এতদিন অবশ্য এই আলোচনায় সরাসরি নিজের নাম নিতে দেখা যায়নি মেসিকে। বরং প্রশ্ন উঠলেই অন্য কিংবদন্তিদের নাম সামনে এনেছেন তিনি। এবার যেন সেই অবস্থান থেকে সরে এসে নিজেকেই সর্বকালের সেরা হিসেবে মেনে নেওয়ার ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন তারকা।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার পর মেসিকে সম্মান জানিয়ে একটি পানীয় প্রতিষ্ঠানের তৈরি করা বিশেষ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। ভিডিওটির মূল বিষয়ই ছিল মেসির দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ার ও তার অসংখ্য অর্জন।

ভিডিওতে দেখা যায়, একটি পানশালায় এক ব্যক্তিকে শেষ পর্যন্ত একটি বিল দেওয়া হচ্ছে। তবে সেটি কোনো সাধারণ বিল নয়। সেখানে মেসির ক্যারিয়ারের বিভিন্ন পরিসংখ্যান, রেকর্ড ও অর্জন তুলে ধরা হয়েছে। বিশ্বকাপে তার ম্যাচ, গোল, শিরোপা ও ব্যক্তিগত সাফল্যসহ নানা তথ্যের পর সবশেষে লেখা হয়েছে ‘গোট বিতর্ক ইতি।’

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Leo Messi (@leomessi)

ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে মেসি লিখেছেন, ‘২০ বছরের বেশি ক্যারিয়ার। ছয়টি ফিফা বিশ্বকাপ। অগণিত স্মৃতি। জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

মেসির এই পোস্টকেই অনেকে তার নিজের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন। কারণ, আগে কখনো সর্বকালের সেরা বিতর্কে নিজের নামকে এভাবে সামনে আনেননি ৩৯ বছর বয়সী এই তারকা। তবে এবার ভিডিওটি নিজের অ্যাকাউন্টে প্রকাশ করে তিনি যেন বিতর্কের উত্তরটাই দিয়ে দিলেন।

বিশ্বকাপে মেসির অর্জনও তার দাবিকে শক্তিশালী করে। ২০০৬ থেকে ২০২৬, ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে রেকর্ড ৩৪ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ২১টি। জিতেছেন ২০২২ সালের বিশ্বকাপ। এর বাইরে ২০১৪ ও ২০২২ সালে জিতেছেন গোল্ডেন বল। অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে তিনটি বিশ্বকাপের ফাইনালে তুলেছেন মেসি। আন্তর্জাতিক পর্যায়ে তার সাফল্যের তালিকায় আরও আছে দুটি কোপা আমেরিকা ও একটি ফাইনালিসিমা। ব্যক্তিগত অর্জনের দিক থেকেও আটটি ব্যালন ডি’অরসহ রয়েছে অসংখ্য স্বীকৃতি।

অন্যদিকে রোনালদোও ছয়টি বিশ্বকাপে খেলেছেন, তবে বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি তার। পর্তুগালের হয়ে জিতেছেন একটি ইউরো ও দুটি নেশন্স লিগ। জাতীয় দলের হয়ে গোলসংখ্যায় অবশ্য মেসির চেয়ে এগিয়ে আছেন রোনালদো।

তবে মেসির সমর্থকদের কাছে বিশ্বকাপ, কোপা আমেরিকা, ব্যক্তিগত পুরস্কার এবং সামগ্রিক অর্জনের হিসাবই তাকে সর্বকালের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার সবচেয়ে বড় যুক্তি। আর এবার সেই বিতর্কে মেসির নিজের ইনস্টাগ্রাম পোস্ট যেন নতুন মাত্রা যোগ করল।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×