ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ে ১০ মিনিটে থামবে আর্জেন্টিনার খেলা

মেসির বিদায়ে ১০ মিনিটে থামবে আর্জেন্টিনার খেলা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৩

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দেশটির পুরুষ ও নারী ফুটবলের সব পর্যায়ের ম্যাচে মেসির সম্মানে এক মিনিট করতালি দেওয়া হবে।

এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিট শেষ হওয়ার পর খেলা থামিয়ে এক মিনিট মেসিকে সম্মান জানানো হবে। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন মেসির গায়ে থাকা ঐতিহাসিক ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানাতেই ১০ মিনিটকে বেছে নেওয়া হয়েছে।

শুধু ফুটবল নয়, এএফএর এই উদ্যোগের আওতায় থাকছে ফুটসাল ও বিচ সকারের ম্যাচও। যেসব স্টেডিয়ামে বড় পর্দার ব্যবস্থা রয়েছে, সেসব মাঠে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে এএফএর তৈরি বিশেষ ভিডিও প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে।

গ্যালারির দর্শকদেরও এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে এএফএ। করতালি, উল্লাস, পতাকা ও মেসিকে নিয়ে গান গেয়ে আর্জেন্টিনার ফুটবল পরিবার তাদের কিংবদন্তিকে সম্মান জানাবে।

মেসিকে সম্মান জানানোর নজির এরই মধ্যে দেখা গেছে কোপা আর্জেন্টিনার ম্যাচে। বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে আর্জেন্টাইন মহাতারকার প্রতি শ্রদ্ধা জানান।

আর্জেন্টিনার জার্সিতে মেসিই সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করা ফুটবলার। ৩৯ বছর বয়সী এই তারকা জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে দুটি কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপের শিরোপা।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে হাতে লেখা আবেগঘন বার্তায় আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তবে দেশের মাটিতে তাঁর আনুষ্ঠানিক বিদায় কবে বা আদৌ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এর মধ্যেই এএফএর এই উদ্যোগ জানিয়ে দিচ্ছে, আর্জেন্টাইন ফুটবলে মেসির বিদায় কতটা আবেগের।

আরও পড়ুন

×