ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের ক্ষত না শুকাতেই আবার ব্রাজিলের সামনে জাপান

বিশ্বকাপের ক্ষত না শুকাতেই আবার ব্রাজিলের সামনে জাপান
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫৯ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:১৭

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের কাছে নাটকীয়ভাবে হারের পর এবার প্রতিশোধের সুযোগ পাচ্ছে জাপান। নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’-এ মুখোমুখি হবে দুই দল। আয়োজকদের পক্ষ থেকে এএফপিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

টুর্নামেন্টে ব্রাজিল ও জাপানের সঙ্গে অংশ নেবে প্যারাগুয়ে ও স্বাগতিক সিঙ্গাপুর। ১৩ থেকে ১৭ নভেম্বর ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।

জাপানের জন্য টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি অবশ্যই ব্রাজিলের বিপক্ষে। ১৪ নভেম্বর মাঠে নামবে দুই দল। কয়েক মাস আগেই বিশ্বকাপের শেষ-৩২ পর্বে মুখোমুখি হয়েছিল তারা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত সেই ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছিল ব্রাজিল। যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নাটকীয় গোলেই জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সেই হারের স্মৃতি জাপানের জন্য এখনো তাজা। তাই নভেম্বরের ম্যাচটি শুধু প্রীতি ম্যাচের মর্যাদায় সীমাবদ্ধ থাকবে না, বিশ্বকাপের সেই হতাশার জবাব দেওয়ার সুযোগও হয়ে উঠতে পারে জাপানের জন্য।

১৩ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে স্বাগতিক সিঙ্গাপুর। পরদিনই হবে জাপান-ব্রাজিলের বহুল প্রতীক্ষিত লড়াই। ১৭ নভেম্বর শেষ দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে ব্রাজিল খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচে জাপানের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

বিশ্বকাপের পর ব্রাজিলের ব্যস্ত সূচির অংশ হিসেবেই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। কার্লো আনচেলত্তির দল সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ডে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে হবে ম্যাচ দুটি। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিলের। এরপর নভেম্বরে সিঙ্গাপুরে জাপানের সামনে পড়বে ব্রাজিল।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×