ব্রাজিলের সফর নিয়ে আলোচনা, অর্থায়নে স্পন্সরের দিকে তাকিয়ে সরকার
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ২৩:১৬
বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হলেও বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সফর হলে আয়োজনের বিপুল ব্যয় সরকার বহন করতে পারবে না। তবে স্পন্সরের মাধ্যমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা গেলে সরকারের পক্ষ থেকে আনুষঙ্গিক সহযোগিতা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে সারা দেশে বক্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের আসার বিষয়ে আলোচনা কতদূর এগিয়েছে, জানতে চাইলে আমিনুল হক বলেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, ‘ব্রাজিল দল যদি বাংলাদেশে এসে আমাদের দলের সঙ্গে খেলে, তাহলে সেটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির বিষয় হবে।’
সম্ভাব্য সফর ঘিরে সরকারের প্রস্তুতি ও ব্যয়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সেখানে সম্ভাব্য ব্যয়ের বিষয়টিও উঠে এসেছে।
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারকে বর্তমানে বড় ধরনের ব্যয় বহন করতে হচ্ছে। এ অবস্থায় একটি ম্যাচ আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে বিপুল অর্থ ব্যয় করার মতো পরিস্থিতি নেই।
আমিনুল হক বলেন, ‘বাফুফের সভাপতির সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। স্পন্সর এনে যদি বাফুফে আয়োজনের প্রয়োজনীয় ব্যয় মেটাতে পারে, তাহলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা সম্ভব হবে। তারা যদি স্পন্সর এনে আয়োজনটি পরিপূর্ণ করতে পারে, তাহলে সরকারের পক্ষ থেকে অন্যান্য আনুষঙ্গিক সহযোগিতা আমরা করতে পারব।’
ফলে ব্রাজিল ফুটবল দলের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে আলোচনা থাকলেও তা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি। সফর বাস্তবায়নে আয়োজনের ব্যয় ও অর্থায়নের বিষয়টিই বড় বিবেচ্য হয়ে দাঁড়িয়েছে।