ফাস্টফুডে আসক্তি: কিডনির ওপর ক্ষতিকর প্রভাব
ডা. সাবরিনা গিয়াস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ০৬:৪৩
| প্রিন্ট সংস্করণ
ফাস্টফুড বর্তমান সময়ে অনেকেরই পছন্দের খাবার। তবে গবেষণা বলছে, ঘন ঘন ফাস্টফুড খেলে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে, বিশেষ করে কিডনির ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।
অতিরিক্ত ফাস্টফুড খাওয়ার কারণে শরীর যে যে ক্ষতির সম্মুখীন হয়:
lউচ্চ সোডিয়াম: ফাস্টফুডে প্রচুর সোডিয়াম থাকে, যা রক্তচাপ বাড়িয়ে কিডনির ওপর চাপ সৃষ্টি করে। এটি কিডনির কার্যকারিতা ব্যাহত করে এবং কিডনি রোগের ঝুঁকি বাড়ায়।
lঅস্বাস্থ্যকর চর্বি: ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট শরীরে প্রদাহ ও অক্সিডেটিভ চাপ বাড়ায়, যা দীর্ঘ মেয়াদে কিডনির ক্ষতি করে।
lঅতিরিক্ত চিনি: ফাস্টফুডের সঙ্গে প্রায়ই চিনিযুক্ত পানীয় ও মিষ্টি খাওয়া হয়, যা ওজন বৃদ্ধি, ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এগুলো সবই কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
lপুষ্টির অভাব: ফাস্টফুডে ফাইবার, ভিটামিন ও খনিজের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান কম থাকে, যা কিডনির কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। পুষ্টির অভাবে কিডনিতে পাথর এবং অন্যান্য কিডনি-সম্পর্কিত সমস্যা হতে পারে।
lডিহাইড্রেশন: ফাস্টফুডে লবণের পরিমাণ বেশি ও পানির পরিমাণ কম থাকে, যা শরীরে পানিশূন্যতা তৈরি করে। এটি কিডনিতে চাপ সৃষ্টি করে এবং কিডনিতে পাথর ও মূত্রনালির সংক্রমণ বাড়াতে পারে।
lস্থূলতা ও ডায়াবেটিস: নিয়মিত ফাস্টফুড খাওয়ার সঙ্গে ওজন বৃদ্ধি, স্থূলতা এবং টাইপ-২ ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে, যা কিডনি রোগের অন্যতম প্রধান কারণ।
lসামগ্রিক স্বাস্থ্যের ওপর প্রভাব: ফাস্টফুড শুধু কিডনির স্বাস্থ্য নয়; হৃদরোগ, স্ট্রোক ও ক্যান্সারের মতো অন্যান্য স্বাস্থ্যঝুঁকিও বাড়ায়, যা পরোক্ষভাবে কিডনির কার্যকারিতাকে প্রভাবিত করে। সুস্থ থাকতে তাই যতটা সম্ভব ফাস্টফুড এড়িয়ে চলুন এবং খাদ্যতালিকায় স্বাস্থ্যকর খাবার রাখুন।
লেখক : সহকারী রেজিস্ট্রার (মেডিসিন), ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
- বিষয় :
- ফাস্টফুড
