ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাইগ্রেন: কারণ ও লক্ষণ

মাইগ্রেন: কারণ ও লক্ষণ
×

ডা. মো. আব্দুল হাফিজ (শাফী)

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ | ০৭:১৭

| প্রিন্ট সংস্করণ

মাথাব্যথা একটি পরিচিত সমস্যা হলেও মাইগ্রেন হলো এমন এক ধরনের তীব্র মাথাব্যথা, যা দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রায় গুরুতর ব্যাঘাত ঘটায়। টেনশন টাইপ মাথাব্যথার বিপরীতে মাইগ্রেনের আক্রমণ সাধারণত হঠাৎ করে এবং পিরিয়ডিক বা পর্যায়ক্রমিক অ্যাটাক হিসেবে আসে (যেমন– মাসে একবার বা কয়েক মাস পরপর)। ২০ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে এটি বেশি দেখা যায়।

মাইগ্রেনের কারণ ও ঝুঁকিপূর্ণ অবস্থা
মানসিক কারণ: অতিরিক্ত টেনশন, দুশ্চিন্তা-অস্থিরতা মাইগ্রেনের কারণ হতে পারে।
রাসায়নিক কারণ: সেরেটোনিন নামক কেমিক্যালের ভারসাম্য বিঘ্নিত হলে ব্যথা হয়।
হরমোনাল কারণ: যেসব নারী দীর্ঘদিন ধরে জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন করেন, তাদের মধ্যে মাইগ্রেনের লক্ষণ বেশি দেখা যায়।

মাইগ্রেন অ্যাটাকের লক্ষণ
ব্যথার প্রকৃতি ও স্থায়িত্ব: ব্যথা মাঝারি থেকে জটিল ধরনের হয়। এটি সাধারণত মাথার একটি ভাগে হয় এবং চার থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
সহগামী লক্ষণ: মাথাব্যথার সঙ্গে বমি বমি ভাব এবং অনেকের বমি হয়।
সংবেদনশীলতা: এ ব্যথার সময় আলো অথবা শব্দ সহ্য করা যায় না। তাই আক্রান্ত ব্যক্তি একটি অন্ধকার ঘরে শুয়ে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

মাইগ্রেন নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ অভ্যাস
যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাদের এ তীব্র মাথাব্যথা থেকে মুক্তি পেতে দুটি গুরুত্বপূর্ণ অভ্যাস এড়িয়ে চলা এবং কিছু নিয়ম মেনে চলা জরুরি।
পেট খালি না রাখা: দীর্ঘক্ষণ পেট খালি থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা মাথাচাড়া দিয়ে মাইগ্রেনের ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে।
পানিশূন্যতা এড়ানো: প্রচুর পরিমাণে পানি পান করুন। ডিহাইড্রেশন বা পানিশূন্যতা মাথাব্যথার অন্যতম বড় কারণ।
আবহাওয়ার প্রভাব: অতিরিক্ত রোদে ঘোরাঘুরি বা অতিরিক্ত গরম ও আর্দ্রতার তারতম্য মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দিতে পারে। তাই তা এড়িয়ে চলতে হবে।
চিকিৎসকের পরামর্শ: দীর্ঘদিন মাইগ্রেনে ভুগলে ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই এ ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তার নির্দেশিত নিয়ম মেনে ওষুধ খেতে হবে।
লেখক : বিশেষজ্ঞ চিকিৎসক।

আরও পড়ুন

×