গাইনিকোম্যাস্টিয়া: ছেলেদের বিব্রতকর সমস্যা
ডা. মাসরুর-উর-রহমান আবীর
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৭:৩৮
| প্রিন্ট সংস্করণ
সাধারণভাবে আমরা ধরে নিই, পুরুষের বুক হবে সমতল কিংবা সামান্য উঁচু। কারও স্তন যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং অনেকটা নারীসুলভ হয়ে যায়, তখন তা অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় আমরা একে বলি গাইনিকোম্যাস্টিয়া। নবজাতক অবস্থায় বাচ্চা ছেলেদের এ রকম থাকতে পারে। বয়ঃসন্ধিকালে কিশোরদের স্তনে অস্বাভাবিক স্ফীতি দেখা যায়, যেটি সাধারণত দু-তিন বছরের মধ্যেই কমে যায়। এ ছাড়া প্রৌঢ়ত্বে বয়স্ক পুরুষদের মধ্যেও এ পরিস্থিতি তৈরি হতে পারে।
এই বড় হওয়া বা স্ফীতিকে কখন সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়: বয়ঃসন্ধিকালে এই স্ফীতি হলেও তা আবার স্বাভাবিক হয়ে যাওয়ার কথা। যদি ১৮ বা ২০ বছর বয়সেও তা স্বাভাবিক না হয়, তখন এটিকে সমস্যা হিসেবে ভাবা হয়। যদি পোশাকের বাইরে থেকেও এটি বোঝা যায় এবং তা নিয়ে সেই তরুণ বা যুবক সামাজিকভাবে বিব্রত হন, তখন এটির চিকিৎসার প্রয়োজন হয়।
কেন হয় এ সমস্যা: অনেক সময় হরমোনজনিত কিছু নির্দিষ্ট রোগের কারণে এমন অসুবিধা হতে পারে। শরীরে কিছু দীর্ঘমেয়াদি অসুখ থাকলে কিংবা অনেক দিন কিছু নির্দিষ্ট ওষুধ সেবন করলেও এ রকম হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই আমরা এর সঠিক কোনো কারণ খুঁজে পাই না।
চিকিৎসা কী: কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এ পরিস্থিতি তৈরি হলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেটি বন্ধ করার ব্যাপারে ভাবতে হবে। শরীরের ওজন অতিরিক্ত হলে তা কমাতে হবে। হরমোনজনিত নির্দিষ্ট কারণ থাকলে এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তবে এসব চিকিৎসায় সমাধান না হলে কিংবা সুনির্দিষ্ট কারণ পাওয়া না গেলে শল্যচিকিৎসাই শেষ সমাধান। স্তনের যে গ্ল্যান্ড বা গ্রন্থির অস্বাভাবিক স্ফীতির জন্য এ পরিস্থিতি তৈরি হয়, অপারেশন করে সেই গ্ল্যান্ড অপসারণ করতে হয়। এ অপারেশনের আগে ছিদ্র করে লাইপোসাকশনের মাধ্যমে গ্রন্থির কিছু অংশ বের করা গেলেও সম্পূর্ণ সমাধানের জন্য ছোট কাটার মাধ্যমে গ্ল্যান্ডের অবশিষ্টাংশ বের করতেই হয়। তবে স্তনের গ্রন্থির চারপাশে চর্বির স্তর রেখে দেওয়া হয়; যাতে পুরুষের স্তনের স্বাভাবিক আকার অক্ষুণ্ন থাকে। এ সমস্যার কারণে যদি ব্যক্তিগত বা সামাজিক কোনো কর্মকাণ্ড ব্যাহত না হয়, তাহলে অপারেশন করানোটা খুব জরুরি নয়। এটি যদি সামাজিক জীবনযাপনে বাধা দেয় কিংবা মানসিক সমস্যা তৈরি করে, সে ক্ষেত্রে অপারেশন করে সম্পূর্ণ সমাধান করাই সমীচীন।
লেখক: সহকারী অধ্যাপক (প্লাস্টিক সার্জারি), জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং কনসালট্যান্ট, মনোয়ারা হসপিটাল, সিদ্ধেশ্বরী রোড, ঢাকা
- বিষয় :
- চিকিৎসা
