আনা পাকুইনের জায়গায় ইন্ডি নাভারেটি
ইন্ডি নাভারেটি
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৩:৫৪ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ১৪:১০
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ‘এক্স-মেন’ ঘিরে উত্তেজনা যেন ক্রমেই বাড়ছে। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন করে সাজানো হচ্ছে জনপ্রিয় এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির অভিনয়শিল্পীর তালিকা। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘অবসেশন’ সিনেমাখ্যাত অভিনেত্রী ইন্ডি নাভারেটি। ‘এক্স-মেন’-এর জনপ্রিয় চরিত্র ‘রোগ’ হিসেবে দেখা যাবে তাঁকে।
গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত ডি২৩ ইভেন্টে আনুষ্ঠানিকভাবে ইন্ডির নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মার্ভেলের অন্যতম পরিচিত মিউট্যান্ট চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।
‘রোগ’ চরিত্রটি এক্স-মেন কমিকসের অন্যতম জনপ্রিয় নারী মিউট্যান্ট। তাঁর বিশেষ ক্ষমতা হলো অন্য কারও শরীর স্পর্শ করলে তাঁর শক্তি, স্মৃতি কিংবা ক্ষমতার একটি অংশ নিজের মধ্যে গ্রহণ করতে পারেন তিনি। তবে এই ক্ষমতার পাশাপাশি চরিত্রটির রয়েছে আবেগ, আত্মপরিচয় ও নিয়ন্ত্রণের জটিলতা। ফলে ‘রোগ’ শুধু একজন সুপারহিরো নন, এক্স-মেনের গল্পে গুরুত্বপূর্ণ আবেগঘন একটি চরিত্রও।
এর আগে প্রথমদিকের চারটি ‘এক্স-মেন’ সিনেমায় ‘রোগ’ চরিত্রে অভিনয় করেছিলেন আনা পাকুইন। তাঁর অভিনয়ে চরিত্রটি জনপ্রিয়তা পায়। এবার সেই পরিচিত চরিত্রের নতুন রূপে ইন্ডি নাভারেটিকে দেখতে পাবেন দর্শক। ফলে স্বাভাবিকভাবেই দুই অভিনেত্রীর চরিত্রায়ণ নিয়ে শুরু হয়েছে আগ্রহ।
মজার বিষয় হলো, ইন্ডির পছন্দের চরিত্র ছিল ‘রোগ’ নয়, ‘মিস্টিক’। শেষ পর্যন্ত ‘রোগ’-এর ভূমিকাতেই তাঁকে চূড়ান্ত করেছে মার্ভেল। ইন্ডি নাভারেটি ছাড়াও ‘এক্স-মেন’ সিনেমার আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তালিকায় রয়েছেন এমা ফ্রস্ট চরিত্রে সামারা উইভিং, জিন গ্রে চরিত্রে স্যাডি সিঙ্ক, সাইক্লপস চরিত্রে কিট কনর এবং স্টর্ম চরিত্রে মায়া বয়েড। এ ছাড়া প্রফেসর এক্স চরিত্রে দেখা যাবে ক্রিস্টোফার অ্যাবটকে। এবারের সিনেমায় গুরুত্বপূর্ণ ভিলেন চরিত্রে থাকছেন অ্যাডাম ড্রাইভার।
নতুন ‘এক্স-মেন’ সিনেমাটি পরিচালনা করছেন ‘থান্ডারবোল্টস’খ্যাত জেক শ্রেয়ার। মার্ভেল স্টুডিওসের এই নতুন অভিযোজনকে ঘিরে পরিচালকের ওপরও রয়েছে বড় দায়িত্ব। কারণ ‘এক্স-মেন’ নামটির সঙ্গে শুধু সুপারহিরো অ্যাকশন নয়, মিউট্যান্টদের সামাজিক বঞ্চনা, পরিচয়সংকট, বৈষম্য ও মানবসমাজের সঙ্গে তাদের সম্পর্কের মতো বিষয়ও গভীরভাবে জড়িয়ে আছে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য নতুন করে সংস্কারের কাজ চলছে। এ কাজে যুক্ত হয়েছেন ‘বিফ’-এর লি সাং জিন এবং ‘দ্য বেয়ার’-এর জোয়ানা ক্যালো।
‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দর্শকদের দীর্ঘদিনের সম্পর্ক। ২০০০ সালে প্রথম ‘এক্স-মেন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় মিউট্যান্টদের নতুন এক জগতের যাত্রা শুরু হয়েছিল। এরপর একাধিক সিনেমায় উলভারিন, প্রফেসর এক্স, ম্যাগনিটো, জিন গ্রে, স্টর্ম, সাইক্লপস ও রোগের মতো চরিত্রগুলো দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়। তবে মার্ভেল স্টুডিওসের নতুন পরিকল্পনায় এবার সেই পরিচিত জগৎকে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। পুরোনো চরিত্রগুলো থাকলেও সেগুলোতে আসছেন নতুন অভিনয়শিল্পীরা। সবকিছু ঠিক থাকলে মার্ভেল স্টুডিওসের নতুন ‘এক্স-মেন’ রিবুটটি ২০২৮ সালের মে মাসে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
- বিষয় :
- সিনেমা