বিনিয়োগের সব সেবা থাকবে বাংলাবিজ পোর্টালে
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ০৭:৫০ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ | ১০:০২
| প্রিন্ট সংস্করণ
দেশে ব্যবসা শুরু ও বিনিয়োগ অনুমোদনের দীর্ঘসূত্রতা কমাতে সব সরকারি বিনিয়োগ সেবা একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাবিজ নামে একটি সমন্বিত ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্ম গড়ে তুলতে ৬৬১ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চূড়ান্ত অনুমোদন পেলে পর্যায়ক্রমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের বিদ্যমান ওএসএস পোর্টাল একীভূত করা হবে। বিডার সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আর সম্প্রতি প্রণীত ইনভেস্ট বাংলাদেশ আইন সমন্বিত এই ডিজিটাল বিনিয়োগ প্ল্যাটফর্ম পরিচালনার আইনি ভিত্তি হিসেবে কাজ করবে। নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা শুরু, নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের পুরো প্রক্রিয়া একটি ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। সরকারের লক্ষ্য, প্রাথমিক নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা। বর্তমানে এসব প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে দুই থেকে তিন বছর পর্যন্ত সময় লেগে যায়।
প্রস্তাবিত প্ল্যাটফর্মে সিঙ্গেল সাইন-অন সুবিধা থাকবে। ফলে বিনিয়োগকারীরা একবার লগইন করেই সংশ্লিষ্ট সব সেবা ব্যবহার করতে পারবেন। এ ছাড়া ‘নো ইওর অ্যাপ্রুভালস’ নামে একটি ট্র্যাকিং ব্যবস্থা থাকবে, যার মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদনের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যাবে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য একটি স্থায়ী পরিচিতি নম্বর দেওয়া হবে, যা প্রতিষ্ঠানের পুরো কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকবে। এর ফলে বিভিন্ন সরকারি দপ্তরে একই তথ্য বা নথি বারবার জমা দেওয়ার প্রয়োজন কমবে এবং তথ্য আদান-প্রদান সহজ হবে।