১৮ শিল্পনগরীতে ১৬৫২ প্লট বরাদ্দ দেবে বিসিক
কিস্তিসহ নানা সুবিধা, নারীদের জন্য বিশেষ সুযোগ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ভবন (ফাইল ফটো)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১৩:৩৪ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ | ১১:৩৯
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ১৮টি শিল্পনগরী ও শিল্পপার্কে ১ হাজার ৬৫২টি শিল্পপ্লট বরাদ্দের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের শিল্প স্থাপনে উৎসাহিত করতে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ পূর্ণাঙ্গ অবকাঠামোগত সুবিধার এ প্লটগুলো বরাদ্দ দেওয়া হবে।
বিসিকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ আগস্ট থেকে শুরু হওয়া এ বরাদ্দ প্রক্রিয়ায় আগ্রহী উদ্যোক্তারা আগামী ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আবেদন ফরম বিসিকের প্রধান কার্যালয়, সংশ্লিষ্ট জেলা বা আঞ্চলিক অফিস এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি সংগ্রহ করা যাবে।
বড় প্রকল্পগুলোতে সর্বোচ্চ বরাদ্দ
বরাদ্দযোগ্য প্লটের পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বড় বরাদ্দ দেওয়া হচ্ছে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে, যেখানে প্লটের সংখ্যা ৫৫৭টি। এছাড়া মুন্সীগঞ্জে বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরীতে ৩২৬টি, চট্টগ্রাম রাউজানে ১৬৩টি এবং বরিশাল শিল্পনগরীতে ১১২টি প্লট বরাদ্দ দেওয়া হবে।
এর বাইরে গোপালগঞ্জ (সম্প্রসারণ), মাদারীপুর (সম্প্রসারণ), নোয়াখালী, রাঙামাটি, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, খাগড়াছড়ি, রাজশাহী-২, পাবনা, ঝালকাঠি, মেহেরপুর, বরগুনা ও চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরীর নির্ধারিত প্লটের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ অগ্রাধিকার
শিল্প খাত ও নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াতে কিস্তি ও ফি জমার ক্ষেত্রে বিশেষ ছাড় রাখা হয়েছে। নারীরা জমির মোট মূল্যের ১৫ শতাংশ জামানত দিয়ে আবেদন করতে পারবেন। জমির বাকি মূল্য এককালীন অথবা সর্বোচ্চ ৭ বছরে ১৪টি কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে। তবে পুরুষ উদ্যোক্তারা আবেদনের সময় জমির প্রাক্কলিত মূল্যের ২০ শতাংশ অর্থ জমা দিতে হবে। বাকি অর্থ এককালীন অথবা ৫ বছরে ১২টি সমকিস্তিতে পরিশোধযোগ্য।
আধুনিক সুবিধা ও ঋণ প্রাপ্তির সুযোগ
বিসিক জানিয়েছে, ঘোষিত শিল্পনগরীগুলোতে পরিকল্পিত পানি, গ্যাস, ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি ডাম্পিং ইয়ার্ড, ফায়ার সার্ভিস, গ্রিন জোন, মসজিদ ও লেকের মতো নাগরিক সুবিধা থাকবে। তাছাড়া শিল্পপ্লট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক রেখে উদ্যোক্তারা জামানতি ঋণ গ্রহণ করতে পারবেন। দ্রুত প্রশাসনিক সেবা নিশ্চিত করতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হয়েছে।
বিসিক জানিয়েছে, সমগ্র প্লট বরাদ্দ কার্যক্রম ‘বিসিক শিল্পনগরী-শিল্পপার্ক প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৩’ অনুযায়ী পরিচালিত হবে।
- বিষয় :
- শিল্পনগরী
- শিল্প উৎপাদন
- বিসিক
- উদ্যোক্তা