অভিশংসনের অভিযোগগুলো ‘নির্লজ্জ’ ও ‘বেআইনি’: ট্রাম্পের আইনজীবী
ডোনাল্ড ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০৪:৩৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ | ০৬:০৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন অভিযোগকে ‘গণতন্ত্রের ওপর মারাত্মক আঘাত’ বলে মন্তব্য করেছে তার আইনজীবী দল। এ প্রক্রিয়া চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের ‘নির্লজ্জ’ ও ‘বেআইনি’ চেষ্টা বলেও মন্তব্য করেছে তারা।
তারা বলেছেন, মামলায় বাদীপক্ষ ট্রাম্পের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আনতে ব্যর্থ হয়েছে। খবর বিবিসির
সিনেটে অভিশংসন অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন ট্রাম্পের আইনজীবীরা।
ট্রাম্পের আইনজীবীদের জমা দেওয়া নথিতে বলা হয়েছে, সিনেটে আসা অভিশংসনের অভিযোগ ট্রাম্পের অপরাধ তুলে ধরতে ব্যর্থ হয়েছে। এই অভিযোগ ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের নির্লজ্জ প্রচেষ্টা।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু হচ্ছে।
সিনেটে ট্রাম্পের বিচারপ্রক্রিয়ার জন্য ডেমোক্র্যাটরা শনিবার নথি জমা দেওয়ার পর ট্রাম্পের আইনজীবীরা প্রতিক্রিয়া জানান। ট্রাম্পের আইনজীবীরা তার পক্ষে ছয় পৃষ্ঠার প্রতিক্রিয়া জানান।
অভিশংসনের অভিযোগের ক্ষেত্রে ন্যূনতম পদ্ধতি ও মৌলিক ন্যায্যতা লঙ্ঘন করে বেআইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে দাবি ট্রাম্পের আইনজীবীদের।
গত মাসে কংগ্রেসের নিম্নকক্ষ ট্রাম্পকে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে অভিশংসিত করে। এরপর অভিশংসন বিল উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়।
সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। তবে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের দোষী প্রমাণিত হওয়ার আশঙ্কা কম।
- বিষয় :
- ডোনাল্ড ট্রাম্প
- অভিশংসন
- নির্বাচন
- ট্রাম্প
