দূর থেকে মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা নিলেন মা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:২৮ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৪৯
করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা চীন। প্রাণঘাতি এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা দেশে। এ পরিস্থিতিতে সংক্রমণের ভয়ে নিজের শিশু সন্তানকে স্নেহের স্পর্শ দিতে পারছেন না এক মা। দূর থেকে ‘এয়ার হাগ’ করে নিচ্ছেন সান্ত্বনা। সম্প্রতি এমন এক ভিডিও মন ছুঁয়েছে নেটিজেনদের।
চীনের হেনান প্রদেশের এক হাসপাতালে নার্সের কাজ করেন ওই মা। করোনাভাইরাসে আক্রান্তদের সেবা করার কারণে দীর্ঘদিন তিনি বাড়ি ফিরতে পারছেন না। ভিডিওতে দেখা গেছে, দীর্ঘ সময় মাকে না দেখায় ছোট মেয়েটি তাকে দেখতে মায়ের কর্মস্থলে ছুটে এসেছে। মায়ের জন্য অঝোরে কাঁদছে সে। কিন্তু সংক্রমণের ভয়ে মা তার সন্তানের কাছে আসতে পারছেন না।
ভিডিওতে আরও দেখা গেছে, মাস্ক পরা অবস্থায় শিশুটি কেঁদে কেঁদে মাকে জানাচ্ছে, কতটা মিস করছে তাকে। সন্তানকে সান্ত্বনা দিতে দূর থেকে তাকে জড়িয়ে ধরলেন মা। তারপর বললেন, ‘মা দৈত্যের সঙ্গে লড়াই করছে। তাকে হারাতে পারলেই বাড়ি ফিরবে।’
চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮১১ জনে। নতুন করে মারা যাওয়া ৮৯ জনের মধ্যে ৮১ জনই হুবেই প্রদেশের বাসিন্দা।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে চীনসহ অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। উৎপত্তিস্থল উহান শহরসহ হুবেইয়ের বেশিরভাগ এলাকা কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহনও। সংক্রমণ ঠেকাতে চীনের বিভিন্ন শহরে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। এ ছাড়া চীন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বেশ কিছু দেশ। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- করোনাভাইরাস
- উহান
- হুবেই
- করোনা
- ভাইরাস
