কাঁটাবনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, দুজনের মৃত্যু
কাঁটাবনে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ০৮:০৫ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ০৮:০৯
রাজধানীর এলিফ্যান্ট রোড সংলগ্ন কাঁটাবনে ১৪ তলা একটি আবাসিক ভবনের ১২ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় শুক্রবার রাত তিনটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ আগুনে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, মো. জনি (২৫) ও আব্দুস সালাম (১৯)।
অগ্নিকাণ্ডের পর দগ্ধ অবস্থায় ভবনটি থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। আব্দুস সালামকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে ওই ভবনের ভেতরে আর কেউ আটকে নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জয় আহমেদ সমকালকে জানান, আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
