ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৯২০
ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ০৪:৩৯
ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ হাজার ৩৬০ জন। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।
বুধবার রাতের শেষের দিকে আঘাত হানা এই ভূমিকম্পের পর প্রায় দুই দিন পার হয়ে গেলেও ধ্বংসস্তূপে আটকে পড়া প্রিয়জনদের উদ্ধারে নাগরিকরা নিজেরাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাহায্য সংস্থাগুলোর মতে, জীবিতদের উদ্ধারের জন্য প্রথম ৪৮ থেকে ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তবে হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জোরালো সরকারি পদক্ষেপের কথা জানালেও স্থানীয়দের অভিযোগ, তারা রাষ্ট্রীয় উদ্ধারকারী দলের দেখা খুব কমই পেয়েছেন। তবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, আটকে পড়াদের উদ্ধারে তারা অক্লান্ত পরিশ্রম করছেন। তিনি বিশ্বজুড়ে দুই ডজনেরও বেশি আন্তর্জাতিক উদ্ধারকারী দলের আগমনকে স্বাগত জানান। এদিকে, জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ উদ্ধারকাজ সম্পর্কে বলেন, "উদ্ধার হওয়া প্রতিটি ব্যক্তিই এক একটি অলৌকিক ঘটনা।"
সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার রাজধানী কারাকাসের উত্তরের রাজ্য লা গুয়াইরায় সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বেঁচে যাওয়া মানুষদের মধ্যে সরকারি বাহিনীর পক্ষ থেকে খাবার ও পানি বিতরণ করা হয়েছে।
তবে উদ্বিগ্ন স্বজনরা ভারী যন্ত্রপাতির অভাবে হাতুড়ি দিয়ে কংক্রিট কেটে প্রিয়জনদের উদ্ধারের চেষ্টা করছেন এবং আন্তর্জাতিক সাহায্যের আকুতি জানাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, তাদের যে পরিমাণ সাহায্য প্রয়োজন সরকার প্রদত্ত সহায়তা তার সামান্য একটি অংশ মাত্র।
সূত্র: দ্য এসোসিয়েটেড প্রেস (এপি)
- বিষয় :
- ভেনেজুয়েলা
- ভূমিকম্প
