ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
×

নিহত আব্দুল্লাহ রাহাত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ০২:৪৬

ফুটবল খেলা শেষে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে পুরান বাজার পাঁচ নম্বর ঘাট তফাদার রাইস মিল এলাকার নদী থেকে নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর স্থানীয় দুই যুবক তার মরদেহ উদ্ধার করেন। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ রাহাত (১১) মালয়েশিয়াপ্রবাসী হুমায়ূন পাটোয়ারীর মেজো ছেলে। সে পুরান বাজার ২ নম্বর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। মধুসূদন স্কুলমাঠের পাশে মানিক লস্করের বাড়ির ভাড়াটে হিসেবে মা ও তিন ভাইসহ ওই বাসায় থাকত তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, মাঠে ফুটবল খেলে এলাকার অন্য ছেলেদের সঙ্গে গোসল করতে নদীতে নামে রাহাত। সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। স্থানীয় কয়েকজন যুবক নদীতে নেমে খোঁজাখুঁজি করে রাহাতকে উদ্ধার করেন। এর আগে শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও নদীতে নামে। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনেরা মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন।

আরও পড়ুন

×