তুরস্কের মন্ত্রী-কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আইন ইসা শহরের প্রবেশ করেছে সিরিয় সরকারি বাহিনী-বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০১:২৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ | ০১:৪০
সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনা অভিযানের জেরে দেশটির দুইজন মন্ত্রী এবং সরকারি তিনজন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এর বাইরে দ্রুত একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে টেলিফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, তিনি যত দ্রুত সম্ভব ওই এলাকা সফরে যাবেন। খবর বিবিসির।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয় সেনারা মানবিজ শহরে প্রবেশ করেছে।
এছাড়া দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহর ও গ্রামগুলোতে দ্রুত সিরিয় সেনারা ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।
কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে চুক্তির প্রেক্ষাপটেই সিরিয় সেনা মোতায়েনের ঘটনা ঘটলো। কুর্দি বাহিনী গত সপ্তাহ পর্যন্ত ছিল মার্কিন মিত্র বাহিনী।
ওয়াশিংটনে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন নুচিন সাংবাদিকদের বলেছেন, নতুন আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বেশ শক্তিশালী এবং তা তুরস্কের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলবে।
এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ বলেছে, তুরস্ক সরকারের কর্মকাণ্ডে সিরিয়ার ওই অঞ্চলের নিরপরাধ নাগরিকদের জীবন যেমন ঝুঁকির মধ্যে পড়েছে, তেমনি পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়েছে। আবার সেইসঙ্গে ইসলামিক স্টেটকে পরাজিত করার গৌরবকেও ম্লান করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, এই নিষেধাজ্ঞা চলতে থাকবে এবং ক্রমে আরও কঠোর হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুরস্ক যুদ্ধবিরতি ঘোষণা না করবে এবং দীর্ঘমেয়াদী কোনো শান্তিচুক্তিতে না আসবে।
এর আগে সোমবার ইউরোপিয়ান ইউনিয়ন নেতারা তুরস্কে অস্ত্র রপ্তানি বন্ধ করার ব্যাপারে একমত হয়েছেন।
জবাবে তুরস্ক বলেছে, 'বেআইনি এবং পক্ষপাতমূলক' আচরণের জন্য ইইউ’র সঙ্গে নিজেদের সম্পর্ক পুনঃমূল্যায়ন করবে দেশটি।
মানবিজ শহরের যে এলাকায় তুর্কীরা নিজেদের জন্য সেফ জোন বা নিরাপদ অঞ্চল তৈরি করতে চায় সেই পর্যন্ত পৌঁছে গেছে সিরিয় বাহিনী।
তুর্কি বাহিনী এবং তাদের মিত্র সিরিয় মিলিশিয়া বাহিনী শহরের কাছে জড়ো হয়েছে।
এদিকে, কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সাথে চুক্তিটিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য একটি অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
কেননা ২০১২ সালের পর থেকে এই প্রথম তার সেনারা ওই এলাকাগুলোতে ফিরতে শুরু করেছে।
সিরিয়ার উত্তরাঞ্চল থেকে এক হাজার মার্কিন সেনা যুক্তরাষ্ট্র সরিয়ে নেওয়ার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বাহিনী মোতায়েন করা হলো।
- বিষয় :
- তুরস্ক
- সিরিয়া
- নিষেধাজ্ঞা
- ডোনাল্ড ট্রাম্প
