পশ্চিমবঙ্গে বিষাক্ত মদপানে আবারও পাঁচজনের মৃত্যু
প্রতীকী ছবি
কলকাতা সংবাদদাতা
প্রকাশ: ২০ জুলাই ২০২২ | ০১:২৬ | আপডেট: ২০ জুলাই ২০২২ | ০১:২৬
এক সপ্তাহের ব্যবধানে ভারতের পশ্চিমবঙ্গে বিষাক্ত মদপানে আবারও পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার রাতে কলকাতা সংলগ্ন হাওড়া মালি পাঁচঘড়া থানার অন্তর্গত গজানন বস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
এদিকে বিষাক্ত মদপানে মৃত্যুর জেরে বুধবার সকাল থেকে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়া মালিপাড়ার এলাকায়। বেআইনিভাবে বসানো মদের দোকান ও এই ব্যবসার সঙ্গে জড়িত দুষ্কৃতীকারীদের বস্তিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। স্থানীয়দের দাবি, বিষাক্ত মদ পানে গত চারদিনে প্রায় ৩২ জনের মৃত্যু হয়েছে। প্রশাসনকে জানিয়েও কোনো ফল পাননি তারা। যদিও প্রশাসনের পক্ষ থেকে এমন দাবি অস্বীকার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী অবস্থান নিয়েছে।
হাওড়া পুলিশ সূত্রে জানা গেছে, উত্তেজনা যাতে অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে সেজন্য গজানন বস্তি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ। বন্ধ করা হয়েছে বেশ কিছু সংযোগকারী রাস্তা। এর আগে গত সপ্তাহে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বিষাক্ত মদ খেয়ে পাঁচজনের মৃত্যু হয়। সেই ঘটনার নড়েচড়ে বসে বর্ধমান জেলা প্রশাসন।
- বিষয় :
- ভারত
- পশ্চিমবঙ্গ
- মদপানে মৃত্যু
- বিষাক্ত মদপান
