করোনাভাইরাসে ইতালিতে ২৪ ঘণ্টায় ১৬৮ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২০ | ২০:৪৮ | আপডেট: ১০ মার্চ ২০২০ | ২১:৩২
ইতালিতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৬৩১।
করোনা ঠেকাতে ইতোমধ্যে পুরো ইতালিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
ইতালির প্রধানমন্ত্রী জিউস্পে কন্টি তার দেশের নাগরিকদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দেন। সরকারের অনুমতি ছাড়া কাউকে ভ্রমণ না করার পরামর্শ দেন।
করোনার কারণে ইতালিতে ফুটবল ম্যাচসহ সব ধরনের খেলাধুলার অনুষ্ঠান বাতিল করা হয়েছে। স্কুল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র বিশেষ দাপ্তরিক কাজের লোক ছাড়া কারো বের হওয়ার অনুমতি নেই।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাস প্রথম দেখা দেয়। পরে চীনের অন্যান্য প্রদেশ এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে।
চীনের বাইরে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। ইতালি থেকে পুরো ইউরোপ এবং আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে এ ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে আগেই পৌঁছেছে করোনাভাইরাস। এর মধ্যে ভারতে এ ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ধরা পড়েছে। বাংলাদেশে সংক্রমণ ধরা পড়ে গত রোববার।
- বিষয় :
- ইতালি
- করোনাভাইরাস
- করোনার প্রাদুর্ভাব
- মৃত্যু
