সোমবার রাতের ভূমিকম্পে তুরস্কে ৩ মৃত্যু, ধসে পড়া আটকা অনেকে
তুরস্কের হাতায় প্রদেশের বন্দর নগরী ইস্কেন্দারুনে সোমবার রাতের ভূমিকম্পে বিধ্বস্ত ভবন। ছবি: আনাদোলু এজেন্সি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ২০:২৩ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ২০:২৩
তুরস্কের দক্ষিণাঞ্চলে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। কিছুক্ষণ পর ৫ দশমিক ৮ মাত্রার আফটারশকও অনুভূত হয়।
এতে তুরস্কে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুল্যেমান সোল্যু। এছাড়া দেশটিতে ২১৩ জন আহতের কথা জানা গেছে।
অন্যদিকে সিরিয়ার আলেপ্পোতে ছয়জন আহতের তথ্য জানা গেছে।
এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের হাতায় প্রদেশের দেফনে জেলায়। তুরস্ক ছাড়াও সোমবার রাতের ভূমিকম্প সিরিয়া, মিসর, জর্ডান, ইসরায়েল ও লেবাননে অনুভূত হয়েছে বলে জানা গেছে।
গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৪৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। ওই ভূমিকম্পে শুধু তুরস্কেই এক লাখ ১০ হাজারের বেশি ভবন বিধ্বস্ত হয়। ৬ ফেব্রুয়ারির ওই ভূমিকম্পের পর থেকে এ কয়দিনে ছয় হাজারের বেশি বার আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও আলজাজিরা
- বিষয় :
- তুরস্কে ভূমিকম্প
- সিরিয়া
- আফটারশক
- ভূমিকম্প