৩৬ হাজার কর্মী ছাটাই করছে ব্রিটিশ এয়ারওয়েজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০১:১৮
করোনার সংক্রমণেরে কারণে ক্রমাগত লোকসান হওয়ায় যুক্তরাজ্যের বিমানসংস্থা ব্রিটিশ এয়ার এয়ারওয়েজ তাদের ৩৬ হাজার কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির
বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, করোনাভাইরাসের সঙ্কটের কারণে এয়ারলাইন্সটির বেশিরভাগ বিমান এখন বসে আছে। এ কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে সংস্থাটি ইউনিট ইউনিয়নের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে। দুই পক্ষের সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত চুক্তির বিষয়বস্তু বিষদভাবে চূড়ান্ত না হওয়ায় চুক্তিটি স্বাক্ষরিত হয়নি।
সিদ্ধান্তটি কার্যকর হলে সংস্থাটির কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, প্রকৌশলী এবং প্রধাণ কার্যালয়ে কর্মরত শতকরা ৮০ ভাগ কর্মী চাকরি হারাবেন।
পাশাপাশি এই সিদ্ধান্ত কার্যকর থাকলে গ্যাটউইক এবং লন্ডন সিটি বিমানবন্দরের সব কর্মীদের উপর তা প্রভাব ফেলবে বলে ধারনা করা হচ্ছে।
অবশ্য যারা চাকরি হারাচ্ছেন তারা করোনাভাইরাস মোকাবিলায় ব্রিটিশ সরকারের দেওয়া স্কিমের আওতায় কিছু ক্ষতিপূরণ পাবেন বলে জানা গেছে । সেটা হবে একজনের বেতনের শতকরা ৮০ ভাগ। সেক্ষেত্রে একমাসে সর্বোচ্চ ২ হাজার ৫০০ ইউরো ক্ষতিপূরণ পাবেন তারা।
তবে ইউনিট ইউনিয়ন, কর্মীদের আরও বেশি ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এছাড়া ব্রিটিশ এয়ারওয়েজ ইতিমধ্যে পাইলটদের সঙ্গে আগামী দুই মাস তাদের বেতনের অর্ধেক করে কাটা হবে বলে একটি চুক্তি করেছে।
এদিকে শুধু ব্রিটিশ এয়ারলাইন্সই নয়, বিশ্বব্যাপী করোনার কারণে আর্থিক সঙ্কটে পড়েছে অন্য সব এয়ারলাইন্সও। সংক্রমণ কমাতে বেশির ভাগ দেশই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে। ফ্লাইট কমে যাওয়ায় লোকসানে পড়েছে এয়ারলাইন্সগুলো। এ কারণে অনেক সংস্থাই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে ।
- বিষয় :
- আন্তর্জাতিক
- করোনাভাইরাস
- এয়ারলাইন্স
