করোনা আক্রান্ত ব্যক্তি সংক্রমিত করতে পারেন ৪০০ জনকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০০:২৭ | আপডেট: ০৮ এপ্রিল ২০২০ | ০০:৪৮
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) গবেষণা অনুযায়ী, একজন করোনা আক্রান্ত ব্যক্তি যদি লকডাউন ভেঙে বাইরে বের হন বা কোয়ারেন্টাইনে না থাকেন, তাহলে ৩০ দিনের মধ্যে ওই ব্যক্তি ৪০৬ মানুষকে আক্রান্ত করতে পারেন। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের তরফে আরও জানানো হয়, ৭০ শতাংশ করোনা আক্রান্তর মধ্যেই করোনা সংক্রমণের মৃদু অথবা অতি সামান্য লক্ষণ দেখা যায়। সেক্ষেত্রে তাদের হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই।
ভারতে করোনা সংক্রমণ প্রতিরোধে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে যেভাবে দেশটিতে কোভিড-১৯ এর সংক্রমণ বাড়ছে তা দেখে অনেক রাজ্য এরই মধ্যে লকডাউনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
এদিকে ভারতের রাজ্য সরকারগুলোকে লকডাউন ভাঙা ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউন বা কোয়ারেন্টাইনের নিয়ম কেউ না মানলে তার দু'বছরের জেল হতে পারে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তি ব্যবহার করে কোয়ারেন্টাইন ম্যানেজমেন্ট, রোগী ও সন্দেহভাজনের ওপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, কোভিড সন্দেহভাজনদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।
ভারতে এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৯৪ জন। এতে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। সূত্র: এই সময়, এনডিটিভি
