গান গাইতে পারেন না—সমালোচনায় বাতিল হলো তারকার কনসার্ট
চীনের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও অভিনেত্রী শিয়ে না। ছবি: সংগৃহীত
বিবিসি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১১:০৬
চীনের বিনোদনজগতে জনপ্রিয়তা যেমন তারকাদের সাফল্যের চাবিকাঠি, তেমনি মুহূর্তেই তা বিপর্যয়ের কারণও হতে পারে। সম্প্রতি সেই বাস্তবতার মুখোমুখি হয়েছেন দেশটির জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও অভিনেত্রী শিয়ে না। অনলাইন সমালোচনার মুখে তার বহু প্রতীক্ষিত জাতীয় কনসার্ট সফরের প্রথম আয়োজনই বাতিল করতে হয়েছে।
বেইজিংয়ে এ মাসের শেষ দিকে শুরু হওয়ার কথা ছিল সফরের প্রথম কনসার্ট। তবে সপ্তাহান্তে আয়োজকরা অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দেন এবং টিকিট কেনা দর্শকদের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত জানান। যদিও বাতিলের পেছনে সরকারের সরাসরি কোনো নির্দেশ ছিল কি না, তা স্পষ্ট নয়।
দুই দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান হ্যাপি ক্যাম্প-এর অন্যতম পরিচিত মুখ ছিলেন শিয়ে না। অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেও প্রাণবন্ত উপস্থাপনা ও হাস্যরসের জন্য তিনি চীনের অন্যতম জনপ্রিয় টিভি ব্যক্তিত্বে পরিণত হন।
তবে দীর্ঘদিন ধরেই গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল তর। গত এপ্রিল মাসে সামাজিক যোগাযোগমাধ্যম 'ওয়েইবু'-এ তিনি প্রথম একক কনসার্ট আয়োজনের ঘোষণা দেন। মে মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেংদুতে অনুষ্ঠিত দুটি কনসার্টের টিকিট অল্প সময়েই বিক্রি হয়ে যায় এবং অনুষ্ঠান দুটিও ভক্তদের ভালো সাড়া পায়।
এই সাফল্যের পর শিয়ে জাতীয় সফরের ঘোষণা দেন। কিন্তু এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। অনেকেই তার গানের মান নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ অভিযোগ করেন, নিজের জনপ্রিয়তার বদলে পরিচিত তারকাদের উপস্থিতির ওপর নির্ভর করেই তিনি দর্শক টানছেন। আবার অনেকে এটিকে সহজে অর্থ উপার্জনের চেষ্টা বলেও মন্তব্য করেন।
সমালোচনা আরও তীব্র হলে কিছু ব্যক্তি অভিযোগ করেন, কনসার্টের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেওয়া হয়নি। এমনকি সামাজিক মাধ্যমে শিয়ের স্বামী ও পেশাদার গায়ক ঝাং জিয়ে-কে উদ্দেশ করে পাঠানো একটি বার্তার স্ক্রিনশটও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে স্ত্রীকে 'নিয়ন্ত্রণ' করার আহ্বান জানানো হয়েছিল। অবশেষে জনমতের চাপ সামলাতে না পেরে আয়োজক প্রতিষ্ঠান বেইজিং কনসার্ট বাতিল করে।
বিশ্লেষকদের মতে, চীনে তারকাদের সমালোচনা অনেকের কাছে সামাজিক বৈষম্য ও বিশেষ সুবিধাপ্রাপ্তদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের তুলনামূলক নিরাপদ উপায়।
তবে সামাজিক মাধ্যমে অনেকে আবার শিয়ের পক্ষেও কথা বলেছেন। একজন ব্যবহারকারী লেখেন, 'ভালো না লাগলে কনসার্টে যাবেন না। অন্যের টাকা কীভাবে খরচ করবে, তা নিয়ে এত মাথাব্যথা কেন?'
আরেকজনের মন্তব্য, 'তার গান যদি সত্যিই ভালো না হয়, তাহলে বাজারই তার বিচার করবে। ব্যক্তিগতভাবে অপমান করার প্রয়োজন নেই।'
