ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

স্বপ্নযাত্রায় অ্যাটলাস সিংহের সামনে কানাডা

স্বপ্নযাত্রায় অ্যাটলাস সিংহের সামনে কানাডা
×

আহসান হাবিব সম্রাট 

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১১:১২

এবারের বিশ্বকাপ যেন দুই হাত ভরে দিয়েছে টুর্নামেন্টের অন্যতম স্বাগতিক কানাডাকে। যে দলটি আগের টুর্নামেন্টে ছয়বার অংশ নিয়ে কখনও জয় দূরের কথা, ড্রয়ের মুখ দেখেনি– তারাই কিনা এখন স্বপ্ন দেখছে কোয়ার্টার ফাইনালের! দ্য রেড দল তাদের স্বপ্নযাত্রার পথে টুর্নামেন্টে প্রথমবারের মতো নকআউটে খেলা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ে আজ রাতে হিউস্টন স্টেডিয়ামে ‘অ্যাটলাসের সিংহ’খ্যাত মরক্কোর মুখোমুখি হচ্ছে কানাডা। যে ম্যাচে টুর্নামেন্টের সহস্বাগতিকদের স্বপ্নের ঘোর ভাঙাতে পারে গত ফিফা র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ইউরোপের দল বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইতিহাস গড়েছিল কোচ জেসে মার্শের দল। যেটা বিশ্বকাপ ইতিহাসে কানাডাকে পয়েন্টের খাতা খোলার সুযোগ করে দেয়। পরের ম্যাচে জনাথন ডেভিডের হ্যাটট্রিকে গত বিশ্বকাপের স্বাগতিক কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের স্বপ্নকে আরও বড় করে তোলে উত্তর আমেরিকার দেশটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী সুইজারল্যান্ডের কাছে ১-২ ব্যবধানে হারলেও গোল ব্যবধানে বসনিয়াকে পেছনে ফেলে ‘বি’ গ্রপের রানার্সআপ হিসেবে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয় কানুকস দল। আসরের শেষ ৩২-এর ম্যাচে জেসে মার্শের শিষ্যরা ১-০ গোলে বাফানা বাফানা দলকে হারিয়ে যেন নিজেদের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। গ্রুপ পর্বের তিন ম্যাচ ও নকআউট পর্বের প্রথম ম্যাচ মিলিয়ে কানাডা প্রতিপক্ষকে মোট ৯ গোল দিয়েছে। আর হজম করেছে তিন গোল। যেটা র্যাঙ্কিংয়ে ৩০তম স্থানে থাকা দলটির আক্রমণভাগের ধার ও শক্তিশালী রক্ষণভাগের চিত্র ফুটিয়ে তুলেছে। শক্তিশালী মরক্কোর বিপক্ষে যেটা আত্মবিশ্বাস জোগাবে জেসে মার্শের শিষ্যদের।

অন্যদিকে ‘সি’ গ্রুপের রানারআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেওয়া মরক্কো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে। গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে এবং ক্যারিবিয়ান দল হাইতিকে ৪-২ গোলে উড়িয়ে সহজেই শেষ ৩২-এর মঞ্চে উঠে আসে। গ্রুপ পর্বে মরক্কোর পক্ষে টানা তিন ম্যাচেই গোল করেন সম্প্রতি বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া দলের আক্রমণভাগ তারকা ইসমাইল সাইবারি। টুর্নামেন্টের শেষ ষোলোতে ওঠার পথে টাইব্রেকারে ইউরোপিয়ান জায়ান্ট নেদারল্যান্ডসকে বিদায় করে অ্যাটলাস লায়নরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে শুরুতে পিছিয়ে পড়া মরক্কো ৯০ মিনিটে ডিফেন্ডার ইসা দিওপের দুর্দান্ত গোলে সমতায় ফেরে। পরে পেনাল্টি শুটআউটে গোলরক্ষক ইয়াসিন বুনুর বীরত্বের পর আফ্রিকার দলটিকে জয়সূচক গোল এনে দেন সাইবারি। টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচে প্রতিপক্ষের জালে সাতবার বল পাঠিয়ে তিন গোল হজম করেছেন কোচ মোহামেদ ওহাবির শিষ্যরা। যেটা বুঝিয়ে দিচ্ছে আক্রমণভাগ শক্তিশালী হলেও রক্ষণভাগ নিয়ে আরও কাজ করতে হবে আফ্রিকান দলটিকে।

শেষ ষোলোর মহারণের আগে মরক্কোকে খানিকটা স্বস্তি দিচ্ছে পরিসংখ্যান। গত বিশ্বকাপের গ্রুপপর্বে কানাডাকে ২-১ ব্যবধানে হারানোর সুখস্মৃতি আছে আশরাফ হাকিমি ও সাইবারিদের। এ ছাড়া গত কয়েক দশকে তিন মুখোমুখিতেও মরক্কোকে হারানোর রেকর্ড নেই কানুকস দলের।  গ্রুপ পর্বে সেলেসাওদের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়া ও নকআউট পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে মহাকাব্যিক জয় কানাডার বিপক্ষে বাড়তি শক্তি জোগাবে মরক্কোকে। দলের কোচ মোহামেদ ওহাবি বলেন, ‘আমরা দল হিসেবে বেড়ে উঠছি। আমরা আরও বেড়ে উঠব। টুর্নামেন্টে আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ আরও ভালো করা।’

এদিকে টুর্নামেন্টের শেষ আটে ওঠার ম্যাচ নিয়ে কানাডা মিডফিল্ডার স্টেফান এস্তাকিও বলেন, ‘আমি মনে করি বিশ্বকাপের নকআউট পর্বে কোনো দলের নিজেদের ওপর আত্মবিশ্বাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের দিনে যে কোনো দলই প্রতিপক্ষকে হারাতে পারে। আমরা একটি বিশেষ গ্রুপ, যাদের মধ্যে ভাইয়ের মতো বন্ধন গড়ে উঠেছে। মাঠে আমরা একে অন্যের জন্য লড়াই করি, এটা আমাদের বিশেষ কিছু এনে দিতে পারে।’

আরও পড়ুন

×