ভারতে একদিনে ৩৫ মৃত্যু, ৫ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৪:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬০। এদিকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পাঁচ হাজার ছাড়িয়েছে। খবর এনডিটিভির।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যানুযায়ী জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাবৃদ্ধির ক্ষেত্রে উল্লম্ফন ঘটেছে। তবে মন্ত্রণালয় এ মর্মে আশ্বাস প্রদান করেছে, আক্রান্তদের ৭০ শতাংশের রোগ লক্ষণ মাঝারি থেকে মৃদু। চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে ভর্তি হওয়া দরকার হবে না।
মঙ্গলবার ভারত জুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরো চার সপ্তাহ বন্ধ রাখার সুপারিশ করেছেন কয়েকজন মন্ত্রী। পাশাপাশি ধর্মীয় জমায়েত ও সব ধরনের সভার ওপরও নিষেধাজ্ঞা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।
ভারতে করোনাভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০১৮ জন। এরপর তামিলনাডুতে ৬৯০, দিল্লিতে ৫৭৬, তেলেঙ্গানায় ৩৬৪ এবং কেরালায় ৩৩৬ জন।
