সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের ৯০ ভাগই বিদেশি শ্রমিক
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০০:৫৩ | আপডেট: ১৭ এপ্রিল ২০২০ | ০১:০৬
করোনাভাইরাসের সংক্রমণে প্রথম দিকে বেশ সাফল্য দেখিয়েছিল সিঙ্গাপুর। কিন্তু দেশটিতে ফের সংক্রমণ বাড়তে শুরু করেছে। আর সংক্রমিত হওয়ার দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে দেশটিতে কর্মরত বিদেশি শ্রমিকরাই।
পরীক্ষা চালিয়ে দেখা গেছে, সিঙ্গাপুরের শিল্পকারখানা ও বিদেশি ছাত্রদের মধ্যে এর হার প্রায় ৯০ ভাগ। বৃহস্পতিবার পরীক্ষা করে আরো ৪২৭ জনের মধ্যে সংক্রমণের আভাস পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪২৭ জনে। আগামীতে এই সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিঙ্গাপুরে বেশির ভাগ দক্ষিণ এশিয়া থেকে যাওয়া ৩ লাখ শ্রমিক নির্মাণ ক্ষেত্রে কাজ করে থাকে। এদের বেশির ভাগই শহরের উপকণ্ঠে বাস করে।
সিঙ্গাপুর বর্তমানে আধা-লকডাউনের মধ্যে রয়েছে। এসময়টাকে এক ধরনের সার্কিট ব্রেকার হিসেবে দেখা হচ্ছে।
খুব বেশি জরুরি নয়, এমন কাজগুলো করা থেকে বিরতি অবলম্বন করা হচ্ছে এবং এসব কাজের সঙ্গে জড়িতদের বাসায় থাকতে বলা হয়েছে। এছাড়া সরকারি বেসরকারি যে কোনো সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। খবর বিবিসির।
বৃহস্পতিবার প্রকাশিত 8২৮টি নতুন সংক্রমণের মধ্যে ৬৫৪ জন ডরমিটরির বাসিন্দা। এদিকে হাজার হাজার সুস্থ কর্মজীবী মানুষকে ডরমিটরিগুলো থেকে সরিয়ে নেয়া হচ্ছে। আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে মুক্ত রাখার জন্য এটা করা হচ্ছে। ১২টি ডরমিটরিকে আইসোলেশনের আওতায় নেয়া হয়েছে। এগুলোতে কাউকে ঢুকতে কিংবা বের হতে দেওয়া হচ্ছে না। এখানে শ্রমিকরা তাদের নিজেদের ঘরেই থাকবেন এবং তাদের কাছে খাবার সরবরাহ করা হবে।
