করোনাভাইরাস : ৩ দশক পর সংকুচিত চীনের অর্থনীতি
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০১:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের প্রভাবে চীনের অর্থনীতি গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো সংকুচিত হয়ে পড়েছে। বছরের প্রথম প্রান্তিকে অর্থনীতির এতাট সংকোচন সম্প্রতি আর দেখা যায়নি।
সংক্রমণ ঠেকাতে কয়েক সপ্তাহ ধরে ব্যবসা-বাণিজ্য, কল-কারখানা বন্ধের প্রভাবে চীনের অর্থনীতি এমন নজিরবিহীনভাবে সংকুচিত হয়েছে বলে বিবিসি অনলাইনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অর্থনীতি প্রথম প্রান্তিকে ৬ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছে।
করোনাভাইরাসের কারণে চীনের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা অন্য দেশেগুলোর জন্য মাথা ব্যাথার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ চীন যেমন বিশ্বের বৃহৎ ভোক্তার বাজার, তেমনি ছোট থেকে বড় সবধরনের উৎপাদনই দেশটিতে হয়ে থাকে। ফলে চীনকে বলা হয় অর্থনীতির ‘পাওয়ারহাউজ’। এখানে কোনো ‘ত্রুটি’ হলে তার প্রভাব পড়ে পুরো বিশ্বে।
১৯৯২ সাল থেকে চীন প্রান্তিক হিসাব পদ্ধতি রাখতে শুরু করে। এরপর এই প্রথম দেশটিতে প্রথম প্রান্তিকে এমন অর্থনৈতিক সংকোচন দেখল।
ব্রিটিশ সাময়িকী দ্য ইকনোমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের গবেষক ইউ সু বলেন, প্রথম প্রান্তিকে সংকোচনের কারণে তা স্থায়ী আয়ে ক্ষতিকর প্রভাব ফেলবে। শুধু তাই নয়, ছোট অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যেতে পারে। বহু মানুষ কর্মহীন হয়ে পড়তে পারে।
গত বছর প্রথম প্রান্তিকে ৬ দশমিক ৪ শতাংশের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছিল চীন। তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ ছিল তুঙ্গে।
গত দুই দশকে চীন প্রতি বছর গড়ে ৯ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছে। যদিও বিশেষজ্ঞরা চীন সরকারের সরবরাহ করা সে পরিসংখ্যান নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছে।
গত বছর চীনের প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশ। এবার করোনাভাইরাসের আঘাতে তা অর্জন করা সম্ভব নাও হতে পারে। যদিও চীন সরকার অর্থনীতিকে উদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমন্বয়ের কথা বলেছে।
