লকডাউনে ভারতে ক্ষতিগ্রস্ত ৪ কোটি পরিযায়ী শ্রমিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০০:৩৭ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ | ০০:৪৮
ভারতে লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিযায়ী শ্রমিকরা। দেশটিতে অন্তত ৪ কোটি পরিযায়ী শ্রমিকের জীবন যাপন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর এই শ্রমিকদের আবার জীবনে স্থিতি আনতে আরও অনেক সময় চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভির খবরে এমন তথ্য জানানো হয়েছে।
লকডাউন ঘোষণার কয়েক দিনের মধ্যে ৫০ থেকে ৬০ হাজার শ্রমিক শহরাঞ্চল থেকে তাদের গ্রামের বাড়িতে ফিরে গেছে। এর ফলে গ্রামীণ অর্থনীতিও প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অর্থনীতিতে এই প্রভাব টের প্রকট হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ভিন দেশে কাজ করা যত মানুষে এই সময় দেশে ফিরেছেন, তার তুলনায় দেশের মধ্যে গ্রামে ফেরা মানুষের সংখ্যা প্রায় আড়াই গুণ বেশি বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
লকডাউন, কাজ হারানো এবং সামাজিক দূরত্ববিধি পালন পরিযায়ী শ্রমিকদের জীবনে চূড়ান্ত যন্ত্রনা নিয়ে এসেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ভারত ছাড়াও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এই পরিযায়ী শ্রমিকদের সমস্যা প্রকট হয়ে উঠেছে। এই শ্রমিকদের স্বাস্থ্য ও খাদ্যের যোগানের দিকে প্রশাসনের নজর দেওয়া জরুরি বলে মনে করছে বিশ্বব্যাংক।
- বিষয় :
- ভারত
- লকডাউন
- ক্ষতিগ্রস্ত পরিযায়ী শ্রমিক
