হাসপাতালে দান করা হলো স্টিফেন হকিংয়ের ভেন্টিলেটর
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০১:৩৩
দুনিয়া কাঁপানো বিজ্ঞানী ও গণিতবিশারদ স্টিফেন হকিংয়ের ব্যবহৃত ভেন্টিলেটরটি তার পরিবার একটি হাসপাতালে দান করে দিয়েছে। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সহযোগিতা করতেই এমন পদক্ষেপ নিয়েছে হকিংয়ের পরিবার। বৃহস্পতিবার আলজাজিরা অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটেনের কেমব্রিজ শহরে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন হকিং। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি। এই শহরের রয়াল পাপওর্থ হাসপাতালে চিকিৎসা নিতেন তিনি। সেই হাসপাতালেই ভেন্টিলেটরটি দান করে দিয়েছে হকিংয়ের পরিবার।
গতকাল বুধবার হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন কভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় তাদের চিকিৎসার জন্য অধ্যাপক হকিংয়ের পরিবার ভেন্টিলেটরটি হাসপাতালে দান করে দিয়েছে। এ সময় হাসপাতালটির পক্ষ থেকে হকিংয়ের পরিবারকে ধন্যবাদ জানানো হয়।
২০১৮ সালে ৭৬ বয়সে মারা যান স্টিফেন হকিং। জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন মহাবিশ্ব সৃষ্টির রহস্য খুঁজে। মাত্র ২১ বছর বয়সে তিনি মটর নিউরো রোগে আক্রান্ত হন। এরপর থেকেই তিনি চলৎশক্তি হারিয়ে ফেলেন। হুইল চেয়ারে বসেই দিয়ে গেছেন দুনিয়া কাঁপানো সব তত্ত।
হকিং সারাজীবণ ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) খাতে ব্যয় বাড়ানোর পক্ষে উচ্চকণ্ঠ ছিলেন। দেশটির যেসব সরকার স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া বা বেসরকারিকরণের কথা বলেছে তাদের প্রতি ক্ষোভ ঝেড়েছেন হকিং।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মিলে একটি প্রকল্পের মাধ্যমে পর্যাপ্ত ভেন্টিলেটরের ব্যবস্থা না করার কারণে এই মুহূর্তে ব্রিটেনে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। অথচ এই মুহূর্তে দেশটিতে পর্যাপ্ত ভেন্টিলেটরের ব্যবস্থা করা গেলে বহু করোনা আক্রান্তের প্রাণ বাঁচানো সম্ভব হতো।
ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৩০ হাজার।
- বিষয় :
- স্টিফেন হকিং
- ভেন্টিলেটর
- করোনাভাইরাস
