মাস্ক পরা বাধ্যতামূলক করছে জার্মানি
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০২:১১
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক করছে ইউরোপের দেশ জার্মানি। দেশটির সবগুলো রাজ্য এমন পরিকল্পনার কথা ঘোষণা করেছে। আগামী সোমবার থেকে বেশিরভাগ রাজ্যে মাস্ক পরার এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে। গতকাল বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জার্মানির রাজ্যগুলোর মধ্যে সর্বশেষ মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ব্রেমেন। রাজ্যটির সিনেটে স্থানীয় সময় আগামীকাল শুক্রবার এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হওয়ার কথা রয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, জার্মানিতে গণপরিবহন ব্যবহার করলেই মাস্ক পরতে হবে। এ ছাড়া প্রায় সবগুলো রাজ্য সরকার বাজারে কেনাকাটা করার সময়ও মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে।
গত সপ্তাহে দেশব্যাপী লকডাউন শিথিল করার ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। সে সময় তিনি লকডাউন শিথিল অবস্থায় সবাইকে মাস্ক পরার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৭৯ জনের।
রাজ্যগুলোর স্থানীয় আইনসভায় মাস্ক পরার সিদ্ধান্ত পাস হতে হবে। ধারণা করা হচ্ছে এ সিদ্ধান্তটি পাসও হবে। আগামী সোমবার থেকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
জার্মানির ১৬টি রাজ্যের সবগুলোতেই গণপরিবহন ব্যবহারের সময় মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে। তবে রাজধানী বার্লিনে কেনাকাটা করার সময় মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়নি।
মেক্লেংবার্গ-ওয়েস্টার্ন পোমারানিয়া প্রদেশে গণপরিবহনে মাস্ক না পরলে ২৭ ডলার জরিমানারও বিধান রাখা হয়েছে। তবে অন্যান্য রাজ্যে মাস্কা না পরলে শাস্তির বিধান কী হবে তা ঠিক করা হয়নি। আবার কী ধরনের মাস্ক পরতে হবে তাও নিশ্চিত নয়। তবে কয়েকটি রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, সার্জিক্যাল মাস্ক স্বাস্থ্য কর্মীরাই ব্যবহার করবেন। সাধারণ মানুষ মুখে স্কার্ভ বা কাপড় বাধলেই হবে।
জার্মানির আগে ইউরোপের আরও তিনটি দেশ অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া গণপরিবহন ও কেনাকাটার সময় সাধারণের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এ ছাড়া স্পেনে যাত্রীদের মধ্যে মাস্ক বিলানো হচ্ছে। ফ্রান্স বলেছে, পর্যাপ্ত মাস্ক উৎপাদন করা হবে যাতে সব নাগরিক তা পান।
- বিষয় :
- করোনাভাইরাস
- মাস্ক
