ভারতে করোনা আক্রান্ত ৪২ হাজার পেরুলো
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২০ | ২৩:৪৯
ভারতে করোনা মহামারীর বিস্তার ঠেকাতে তৃতীয়দফা লকডাউন চললেও ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪২ হাজার পেরিয়ে গেছে। সোমবার সকালে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় প্রকাশিত রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন রোববার ২৪ ঘণ্টায় ভারতে প্রাণহানি ঘটেছে ৭২ জনের। এতে মোট মারা গেলেন ১৩৭৩ জন। খবর জিনিউজ ও এনডিটিভির।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সোমবার সকালের ব্রিফিংয়ে জানায়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২হাজার ৫৫৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪২ হাজার ৫৩৩ জনে। এরমধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৭০৭ জন। তাতে সক্রিয় রোগী রয়েছেন ২৯ হাজার ৪৫৩। রোববার ২৪ ঘণ্টায় ৭২ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা হয়েছে ১৩৭৩।
ভারতের সবচেয়ে বেশি আক্রান্ত শহর মুম্বাই। মহারাষ্ট্র রাজ্যের জনবহুল ও ঘনবসতিপূর্ণ এ শহরটিতে রোববারই মারা গেছেন ২১ জন। এতে মুম্বাই শহরে এ পর্যন্ত মোট ৩৪৩ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬১৩ জন। আর রাজ্যটিতে মোট ৫২১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৯৬ জন।
গত শুক্রবার থেকেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অনেক দ্রুত বেড়ে যায়। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত শনিবার ভারতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৭ জন এবং আগের দিন আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৪৪ জন।
এদিকে এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার জাতীয়ভাবে লকডাউনের মেয়াদ ১৭ মে পর্যন্ত বাড়িয়েছে। তবে রাজ্যগুলোকে বলেছে, তারা ইচ্ছা করলে লকডাউন শিথিল করতে পারবে। সেজন্যই সোমবার দিল্লিসহ কিছু কিছু রাজ্য সরকার সামাজিক দুরত্ব মেনে সীমিত আকারে জামাকাপড়, জুতো, পান-সিগারেটসহ দোকানপাট খুলে দেওয়ার অনুমোদন দিয়েছে। তবে দিল্লির মালভিয়া নগরের একটি মুদি দোকানের সামনে সকাল বেলা শতাধিক মানুষের জটলা দেখা গেছে। পরে দোকান মালিক পুলিশ ডেকে পরিস্থিতি সামাল দেন।
- বিষয় :
- লকডাউন
- করোনা
- করোনাভাইরাস