১১ নাগরিককে নিতে ইরানকে বিমান পাঠাতে বললো যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২০ | ০৩:০৬ | আপডেট: ১২ মে ২০২০ | ০৩:০৮
যুক্তরাষ্ট্রে অবস্থান করা ১১ নাগরিককে সরিয়ে নিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। সোমবার এ আহ্বান জানিয়ে নাগরিকদের সরিয়ে নিতে একটি চার্টার্ড বিমান পাঠাতে বলেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়া স্থগিতের জন্য তেহরানকে অভিযুক্ত করেছে ওয়াশিংটন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপ-স্বরাষ্ট্রমন্ত্রী কেন কুকিনেল্লি এক টুইট বার্তায় ইরানের প্রতি এ আহ্বান জানিয়েছেন।
ইরানের কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে কেন টুইটারে লিখেছেন, ‘আপনাদের দেশের ১১ অবৈধ নাগরিক আমাদের দেশে আটক আছেন। তাদের আমরা দেশে ফেরত পাঠাতে চাচ্ছি অনেক দিন ধরে। আপনারাও তাদের চান বলেছেন। তাহলে একটি চার্টার্ড বিামন পাঠিয়ে দিন। যাতে সবাইকে একসঙ্গে ফেরত পাঠাতে পারি’।
কেন বলেছেন, ‘কয়েক মাস ধরে অধ্যাপক সিরিস আসগারীকে দেশে ফেরত পাঠাতে চাচ্ছে ওয়াশিংটন। কিন্তু তেহরান এ প্রক্রিয়ায় বিলম্ব করতে চাচ্ছে’।
অধ্যাপক আসগরীর বিরুদ্ধে গত নভেম্বরে বাণিজ্য বিষয়ক গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনে ওয়াশিংটন। সেই থেকে তিনি জেলে বন্দী আছেন।
তবে কেনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি টুইটারে লিখেছেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ২০১৮ সাল থেকে বন্দী বিনিময় করতে চাচ্ছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে উল্টো আমাদের নাগরিকদের জীবন ঝুঁকির মুখে ফেলেছে’।
করোনাভাইরাসের মহামারির কারণে সম্প্রতি দুই দেশই পরস্পরের প্রতি নিজেদের নাগরিকদের ছেড়ে দিতে আহ্বান জানিয়েছে।