নওগাঁয় ছেলের হাতে বাবা খুন
অভিযুক্ত ছেলে সুমনকে আটক করেছে পুলিশ। ছবি: সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৩:৪১ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ১৪:৩২
নওগাঁ শহরে ছেলের মারধরে মাহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সুমনকে (২৫) আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে রিকশাচালকের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে বুধবার রাতে ঢাকা যাওয়ার সময় শহরের সুলতানপুর এলাকা থেকে সুমনকে আটক করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার রাতে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় সুমনের। একপর্যায়ে তিনি কাঠের বাটাম ও ইট দিয়ে বাবা মাহাতাব সরকারের মাথা ও শরীরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঘটনার পর জেলা গোয়েন্দা শাখাকে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁ ও বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।