আ’লীগের সাবেক নেতা যোগ দিলেন জামায়াতে
আওয়ামী লীগের সাবেক নেতা আক্তার হোসেন মিলন জামায়াতে যোগদান। ছবি: সমকাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১২:৫৬ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ১৩:১০
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সাবেক আওয়ামী লীগ নেতা জামায়াতে যোগ দিয়েছেন। বুধবার সন্ধ্যায় তিনি জামায়াতে যোগ দেন।
জামায়াতে যোগ দেওয়া ওই ব্যক্তি হলেন আক্তার হোসেন মিলন। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আক্তার হোসেন মিলন জামায়াতের সদস্যপদের ফরম পূরণ করেন। পরে দলটির নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জামায়াতের স্থানীয় নেতারা জানান, আক্তার হোসেন মিলন দীর্ঘদিন হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এলাকায় আলোচনা তৈরি করেছে।
কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বলেন, ‘আক্তার হোসেন মিলন স্বেচ্ছায় জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেছেন। দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমের প্রতি আগ্রহ থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।’
অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, মাতাব্বরনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আক্তার হোসেন মিলন বলেন, ‘জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মপদ্ধতির প্রতি বিশ্বাস থেকেই আমি সদস্যপদ গ্রহণ করেছি। ব্যক্তিগত কোনো স্বার্থ বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, নিজের রাজনৈতিক বিশ্বাসের জায়গা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি।’
- বিষয় :
- আওয়ামী লীগ
- জামায়াত
- লক্ষ্মীপুর