উহানে এক কোটিরও বেশি মানুষের করোনা টেস্ট হবে
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২০ | ০৫:২০ | আপডেট: ১২ মে ২০২০ | ০৫:৪৩
চীনের যে শহর থেকে শুরু হয়েছিল করোনার কালযাত্রা, উহান নামের সে শহরটির ১ কোটি ১০ লাখ বাসিন্দার সবারই করোনা টেস্ট করার পরিকল্পনা নিচ্ছে দেশটির প্রশাসন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে এ খবর। তবে পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
উহানের বিভিন্ন এলাকার স্থানীয় প্রশাসনকে ১০ দিনের ভেতরে কীভাবে পরীক্ষা সম্পন্ন করা যায়, তা নিয়ে নিজেদের অভিমত জানাতে বলা হয়েছে। করোনামুক্ত ঘোষণা করার পরও উহানে নতুন করে ৬ করোনা রোগী শনাক্তের পর এ পরিকল্পনা নেয়া হয়। খবর বিবিসির
এর আগে গত ৩ এপ্রিল থেকে উহানে নতুন কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি। ১১ সপ্তাহ কঠোর লকডাউনে থাকার পর ৮ এপ্রিল থেকে লকডাউন তুলে নেওয়া হয়। স্কুলগুলো চালু, গণপরিবহন খুলে দেওয়া আর রাস্তায় মানুষজনের চলাচল শুরু হতে ফের প্রাণচাঞ্চল্য জেগে ওঠে। কিন্তু আবাসিক এলাকাগুলো থেকে করোনাভাইরাসগুচ্ছের উদ্ভবের কারণে আবার আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কিত প্রশাসন তাই উহানের সব বাসিন্দাকে পরীক্ষার আওতায় নিয়ে যেতে চাইছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার প্রস্তাবিত ওই পরিকল্পনার ১০ দিনের মধ্যে উহানের ১ কোটি ১০ লাখ বাসিন্দাকে পরীক্ষা করার কথা বলা হয়েছে। শহরের প্রতিটি ‘জেলা’কে নিজেদের জনসংখ্যার ভিত্তিতে টেস্ট করতে হবে। জেলায় নতুন কোনো সংক্রমণ আছে কিনা সেটা খুঁজে দেখতে হবে এবং সে মর্মে প্রতিবেদন দিতে হবে।
প্রস্তাবে এটাকে ‘১০ দিনের লড়াই’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পরীক্ষায় ষাটোর্ধ্ব প্রবীণ ও ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দাদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
তবে গ্লোবাল টাইমস পত্রিকার বরাত দিয়ে বেশ কয়েকজন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, পুরো শহরটি পরীক্ষা করা কঠিন ও ব্যয়বহুল হবে। এ ছাড়া এত কম দিনে এক কোটি মানুষের টেস্ট করা সম্ভব হবে কি-না সেটা নিয়েও প্রশ্ন জাগছে তাদের মনে।