ভারতে আবার সড়ক দুর্ঘটনার বলি ২৪ অভিবাসী শ্রমিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২০ | ২৩:৩৬ | আপডেট: ১৫ মে ২০২০ | ২৩:৫৪
ভারতে আবার সড়ক দুর্ঘটনায় মৃত্যু অভিবাসী শ্রমিকদের। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উত্তর প্রদেশের অরাইয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৪ জন নিহত হন। আহত হন ১৫ জন। রাজস্থান থেকে নিজেদের বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনায় পড়েন বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই শ্রমিকরা। খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমসের।
সড়ক দুর্ঘটনায় এর আগেও ভারতে অভিবাসী শ্রমিকদের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার রাতে ভিন্ন দু’টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৪ জন অভিবাসী শ্রমিকের। পাঞ্জাব থেকে হেঁটে বিহার ফেরার সময় উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলায় সরকারি বাস পিষে দেয় ছ’জন শ্রমিককে। মহারাষ্ট্র থেকে আসা অভিবাসী শ্রমিক বোঝাই ট্রাক মধ্যপ্রদেশে ধাক্কা মারে একটি বাসে। সে ঘটনায় আট জনের মৃত্যু হয়।আহত হয়েছিলেন ৫৪ জন শ্রমিক। তার আগে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ জেলায় রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন ২০ জন অভিবাসী শ্রমিকের একটি দল। সে সময় একটি মালগাড়ি চলে যায় ঘুমন্ত শ্রমিকদের ওপর দিয়ে। রেলে কাটা পড়ে মারা যান ১৬ শ্রমিক।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য ২৪ মার্চ থেকে ভারতে লক ডাউন শুরু হলে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়ে যান নিজ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে অবস্থান করা অভিবাসী শ্রমিকরা। ফলে বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সবাই। প্রাণের ঝুঁকি নিয়ে সাইকেল, রিকশা, ট্রাক ভাড়া করে, এমনকী পায়ে হেঁটেও বাড়ি ফিরতে শুরু করে। আর এই বিপজ্জনক যাত্রার কারণেই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন তারা।
ওদিকে ভারত সরকার তার দেশের অভিবাসী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করলেও নানা কারণে তা যথেষ্ট কাজে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।