গাজীপুর
প্রকৃতি বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে নানা আয়োজন
গাজীপুরের পিটিআই অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২২:৩২ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ২২:৪১
প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা, কমছে সবুজের পরিধি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃতি যেমন বদলে যাচ্ছে, তেমনি বাড়ছে মানুষের স্বাস্থ্যঝুঁকিও। এমন বাস্তবতায় প্রকৃতি বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে দিনভর নানা আয়োজন করা হয় গাজীপুরে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উঠে আসে পরিবেশ সংরক্ষণের নানা দিক। আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের পিটিআই অডিটরিয়ামে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কার্যালয়ের উপপরিচালক মো. আরেফিন বাদল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইসমাইল হোসেন।
বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ায় দীর্ঘদিন সুপ্ত থাকা বিভিন্ন জীবাণু পরিবেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের পরিবর্তন মানবজাতির জন্য নতুন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই, পরিবেশ রক্ষাকে কেবল একটি দিবসের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন চর্চায় পরিণত করতে হবে।
আলোচনা সভায় পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
আলোচনায় অংশ নেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন রেজা, গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সায়েম মোর্শেদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের পরিবেশ কর্মকর্তা সাইফুল কবির বোরহান। পরিবেশ সুরক্ষায় ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আলোচনা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
- বিষয় :
- গাজীপুর
- আলোচনা
- আলোচনা সভা