ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

করোনায় আক্রান্ত তরুণ, হাসপাতালে পাঠানো হলো ভাইকে!

করোনায় আক্রান্ত তরুণ, হাসপাতালে পাঠানো হলো ভাইকে!
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২০ | ২৩:৫৮ | আপডেট: ১৬ মে ২০২০ | ০৪:৩১

করোনা আক্রান্ত এক তরুণের পরিবর্তে তার ভাইকে হাসপাতালে পাঠানোর অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে ভারতে।

দেশটির ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দফতরের সূত্রে জানা যায়, শহরের অদূরে একটি গ্রামের ১৮ বছরের এক তরুণের করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ হওয়ায় গত ১০ মে রাতে তাকে পাঁশকুড়ার বড়মা করোনা হাসপাতালে পাঠানোর তোড়জোড় শুরু হয়। ওই তরুণের ভাই ওড়িশার সম্বলপুরে সোনার দোকানে কাজ করেন। লকডাউনের আগে ওই তরুণ সম্বলপুরে ভাইর কাছে গিয়ে আটকে পড়েন। তারপর কিছুটা লরিতে ও কিছুটা হেঁটে ৭ মে তারা ঝাড়গ্রামে পৌঁছান। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটিতে পরীক্ষা করিয়ে তারা বাড়িতে ছিলেন। গত ৭ মে করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়। ৯ মে ১৮ বছরের তরুণের রিপোর্ট পজ়িটিভ আসে। ১০ মে রাতে জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে পুলিশ পাহারায় ওই তরুণকে বড়মা হাসপাতালে নেওয়া হয়। 

কিন্তু বৃহস্পতিবার জানা যায়, ওই তরুণের পরিবর্তে তার ২২ বছরের ভাইকে বড়মায় ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার রাতে ১৮ বছরের তরুণকে হাসপাতালে নিয়ে যেতে ফের গ্রামে পুলিশ ও স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা যান। কিন্তু গ্রামবাসীদের ক্ষোভে ফিরতে হয় তাদের। ওই তরুণের ভাইয়ের রিপোর্ট কী এসেছে তা জানা যায়নি। 

হাসপাতালে ভর্তি তরুণ ফোনে দাবি করেন, ‘এখানে আসার পরে চিকিৎসকরা আমার বয়স জানতে চান। তাদের কাছে যে কাগজ ছিল তাতে আক্রান্তের বয়স ছিল ১৮। সেটা আসলে আমার ভাইয়ের বয়স।’

বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সিপিএমের ঝাড়গ্রাম জেলা সম্পাদক পুলিনবিহারী বাস্কে বলেন, ‘আক্রান্তের পরিবর্তে তার ভাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য দফতরের চূড়ান্ত সমন্বয়ের অভাবেই এমন ঘটেছে।’ 

জেলা পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠৌর বলেন,‘পুলিশের কাজ এসকর্ট দেওয়া। এ বিষয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের কিছু জানা নেই।’

যদিও জেলা প্রশাসক আয়েষা রানি ও জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা প্রকাশ মৃধা করোনা বিষয়ে কিছু বলবেন না বলে জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা নিতাইচন্দ্র মণ্ডল বলেন, ‘ভুল হয়ে থাকলে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়।’ 

তবে ঝাড়গ্রাম জেলা পুলিশের ঘরোয়া সূত্রে খবর, স্বাস্থ্য দফতর ও প্রশাসনের তরফে নাম দেওয়ার ক্ষেত্রে ভুল হতে পারে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, ‘গোলমালের বিষয়টি আমিও শুনেছি। তবে ভর্তি হওয়া তরুণ যদি করোনায় আক্রান্ত না হয়ে থাকেন, তাহলেও ভয়ের কিছু নেই। করোনা চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কা নেই।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন

×