ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

করোনা `শনাক্ত করবে` কুকুর, পরীক্ষা শুরু

করোনা `শনাক্ত করবে` কুকুর, পরীক্ষা শুরু
×

করোনা শনাক্ত করবে কুকুর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২০ | ০২:০২ | আপডেট: ১৬ মে ২০২০ | ০২:১১

মানুষের দেহে করোনা শনাক্তে কুকুরের পরীক্ষা শুরু করেছে যুক্তরাজ্য। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ মহামারিতে আক্রান্ত রোগীকে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই কুকুর তার ঘ্রাণশক্তি কাজে লাগিয়ে চিহ্নিত করতে পারবে কিনা, তা পরীক্ষা করে দেখছেন ব্রিটিশ গবেষকরা। এতে সফল হলে একেকটি কুকুর প্রতি ঘণ্টায় ২৫০ মানুষের করোনা সংক্রমণ শনাক্ত করতে পারবে। খবর বিবিসি ও রয়টার্সের। 

শনিবার ব্রিটিশ সরকার জানিয়েছে, এ গবেষণার জন্য পাঁচ লাখ পাউন্ড খরচ করা হচ্ছে। ব্রিটেনের ডুরহাম ইউনিভার্সিটির লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং  চ্যারিটি সংস্থা মেডিকেল ডিটেকশন ডগ যৌথভাবে ওই গবেষণাটি করছে।

ব্রিটিশ বিজ্ঞানমন্ত্রী লর্ড বেথেল বলেন, প্রশিক্ষিত কুকুররা ক্যান্সারে আক্রান্ত রোগী শনাক্ত করতে পারে। আমি মনে করি এই পদ্ধতি অবলম্বন করে করোনা আক্রান্ত রোগী চিহ্নিত করা সম্ভব হবে।

লন্ডন হসপিটাল থেকে এজন্য করোনা রোগীর নমুনার গন্ধ সংগ্রহ করে ছয়টি কুকুরকে শুঁকতে দেওয়া হবে। আক্রান্তদের এবং আক্রান্ত নয়, এমন মানুষের গন্ধ তাদেরকে আলাদাভাবে চিনিয়ে দেওয়া হবে। 

মেডিকেল ডিটেকশন ডগ দাতব্য সংস্থার সহপ্রতিষ্ঠাতা ড. ক্লায়ার গেস্ট বলেন, আমরা নিশ্চিত কুকুর করোনাভাইরাস কভিড-১৯ আক্রান্ত ব্যক্তির নমুনার গন্ধ শুকে শনাক্ত করতে পারবে। তিনি জানান, প্রথম ধাপে নমুনা শুকে যদি কুকুর সফল হয়, তবে দ্বিতীয় ধাপে মানুষকে সশরীরে কুকুর দিয়ে পরীক্ষা করানো হবে। আমরা এ ব্যাপারে কুকুরকে আরও প্রশিক্ষণ দিচ্ছি। 

এর আগে ক্যান্সার, ম্যালেরিয়া এবং পারকিনসন রোগ কুকুরকে চিনিয়ে সফলতা পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের গবেষকরাও কুকুরের মাধ্যমে করোনা রোগী চিহ্নিতের দিকে হাঁটছেন।

আরও পড়ুন

×