পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৩:২৯ | আপডেট: ১৬ মে ২০২০ | ২১:৪৭
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরখাস্ত হওয়া স্টিভ লিনিক মন্ত্রণালয়টির ইন্সপেক্টর জেনারেল ছিলেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত করছিলেন।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে লিনিককে বরখাস্তের নোটিশ পাঠান ট্রাম্প। তার জায়গায় স্টিফেন আকার্ডকে নিয়োগ দেওয়া হয়েছে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত স্টিফেন। তিনি খুব শিগগির দায়িত্ব গ্রহণ করবেন।
বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির অভিযোগ, পম্পেওর বিরুদ্ধে তদন্ত শুরু করার কারণেই লিনিককে বরখাস্ত করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লিনিককে বরখাস্তের বিষয়ে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসির কাছে চিঠি লিখেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘ইন্সপেক্টর জেনারেলদের প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু এই ইন্সপেক্টর জেনারেলের (লিনিক) প্রতি এখন আমার কোনো আস্থা নেই’। লিনিককে আগামী ৩০ দিনের মধ্যে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
লিনিককে বরখাস্তের প্রতিক্রিয়ায় প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির ডেমোক্র্যাট চেয়ারম্যান এলিয়ট এঙ্গেল এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগীকে (মাইক পম্পেও) জবাবদিহিতা থেকে রক্ষার চেষ্টা করছেন। এই বরখাস্তের ঘটনা তারই বিক্ষুব্ধ প্রতিক্রিয়া’।
পম্পেওর বিরুদ্ধে কেন তদন্ত শুরু করেছিলেন লিনিক তা স্পষ্ট করেননি এলিয়ট। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে পম্পেওর বিরুদ্ধে।
এর আগেও বিভিন্ন বিভাগের একাধিক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ট্রাম্প। সর্বশেষ শিকার হলেন লিনিক।