‘ক্ষেপণাস্ত্র হামলায় দিয়ে হত্যা করা হয়েছে ইসমাইল হানিয়াকে’
হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ১৭:৩৭
হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে ‘গাইডেড মিসাইল’ ছুঁড়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের একটি সূত্র। দেশটির সংবাদমাধ্যম আল হাদাথের খবরে বলা হয়, মঙ্গলবার ইরানের স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় হানিয়ার বাসভবনে ওই হামলা চালানো হয়েছে। খবর বিসিসির।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ফার্স নিউজ বলেছে, উত্তর তেহরানে বিশিষ্ট ব্যক্তিদের জন্য বরাদ্দ করা বাসভবনে অবস্থান করছিলেন হানিয়া। এ সময় ‘আকাশ থেকে ছোড়া অস্ত্রে’ তাকে হত্যা করা হয়। হানিয়া হত্যাকাণ্ড নিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরেও প্রায় একই ধরনের তথ্য দেওয়া হচ্ছে।
আজ বুধবার সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসমাইল হানিয়ার নিহতের খবর প্রচার করা হয়। সেখানে বলা হয়, রাজধানী তেহরানে এক হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রিয় মেহমান ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে কঠোর জবাব পেতে হবে। ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের নেতার রক্তের বদলা নেয়া দায়িত্ব মনে করে।
