ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

পুলিশ সংস্কারের নির্বাহী আদেশে সই করছেন ট্রাম্প

পুলিশ সংস্কারের নির্বাহী আদেশে সই করছেন ট্রাম্প
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ২৩:১০ | আপডেট: ১৫ জুন ২০২০ | ২৩:৪২

পুলিশ বাহিনী সংস্কারের এক নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃষ্ণাঙ্গ বা অন্যদের সঙ্গে পুলিশ কেমন আচরণ করবে তার একটি দিকনির্দেশনা দেওয়া আছে ওই আদেশে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, বর্ণবাদ সম্পর্কে পুলিশ সদস্যদের সচেতন করতে প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্যের বিষয়টি এতে যুক্ত করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার পুলিশ বাহিনী সংস্কার সংক্রান্ত নির্বাহী আদেশটিতে সই করবেন ট্রাম্প।

মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হলে যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ থেকে পুলিশের বরাদ্দ বাতিলের এবং বাহিনীটি বিলোপ করে দেওয়ার দাবি ওঠে। সেই আন্দোলন কঠোর হাতে দমন করে ‘আইন-শৃঙ্খলা’ প্রতিষ্ঠায় হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। 

এক পর্যায়ে বিক্ষোভের তীব্রতায় কংগ্রেসে পুলিশ সংস্কারের বিল তোলেন ডেমোক্র্যাটরা। কয়েকটি রাজ্য ও শহর কর্তৃপক্ষ পুলিশের শক্তি প্রয়োগে লাগাম টানে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকটা চাপে পড়েই ‘তুলনামূলক নরম মাত্রায়’ পুলিশ সংস্কারের নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন রক্ষণশীল প্রেসিডেন্ট ট্রাম্প। 

যদিও ট্রাম্প বরাবরই অতিরিক্ত শক্তি প্রয়োগ করে পুলিশি নির্যাতন ও বর্ণবাদবিরোধী বিক্ষোভ দমনের পক্ষে কথা বলে আসছেন। প্রেসিডেন্টের এমন কথাবার্তা নিয়ে যুক্তরাষ্ট্রে তুমুল সমালোচনা চলছে। ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের অনেক রিপাবলিকান সতীর্থও এতে ক্ষুব্ধ হয়েছেন।

ট্রাম্প প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নির্বাহী আদেশটি পুলিশের শক্তি প্রয়োগের ক্ষেত্রে সর্বশেষ মানদণ্ড মেনে চলায় বাহিনীর সদস্যদের উৎসাহিত করবে। খারাপ রেকর্ড রয়েছে এমন সদস্যদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করার নির্দেশ রয়েছে আদেশে। এ ছাড়া মাদকাসক্ত ও গৃহহীনরা কোনো অপরাধে জড়ালে আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশের পাশাপাশি সামাজ কর্মীদেরও তাতে যুক্ত করার কথা বলা হয়েছে।

সোমবার ট্রাম্প বলেন, ‘কয়েকদিন ধরে আমরা যা দেখছি, সেসব নিয়ে আমরা কথা বলব। এসব বিষয়ের কিছু সমাধানও হতে চলেছে।’

পুলিশ সংস্কার সংক্রান্ত নির্বাহী আদেশে সইয়ের সময় হোয়াইট হাউসে পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। এ ছাড়া পুলিশের গুলিতে নিহত হয়েছেন এমন কয়েকজনের পরিবারও সেখানে উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিক্ষোভকারীরা পুলিশের বরাদ্দ বাতিলের দাবি করলেও ডেমোক্র্যাট বা রিপাবলিকান আইন প্রণেতারা তাতে রাজি নন। তারা বরং পুলিশে সংস্কারের দিকে মনোযোগ দিচ্ছেন। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা পুলিশের বরাদ্দ কমাবো না বরং আরও বাড়াবো। যাতে পুলিশ সদস্যরা ইতিবাচক কাজে উৎসাহিত হন।’

আরও পড়ুন

×