ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

এয়ার ফোর্স ওয়ানের ঝুঁকি নিয়ে প্রতিবেদন, ৪ সাংবাদিককে তলব

এয়ার ফোর্স ওয়ানের ঝুঁকি নিয়ে প্রতিবেদন, ৪ সাংবাদিককে তলব
×

এয়ার ফোর্স ওয়ান থেকে নামেন ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার ওয়াশিংটনে। ছবি: এএফপি

অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২০:৪৪

মার্কিন প্রেসিডেন্টকে বহনের জন্য উপহার হিসেবে একটি উড়োজাহাজ দিয়েছিল কাতার সরকার। সেটির নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রতিবেদন করায় দ্য নিউইয়র্ক টাইমসের চার সাংবাদিকের বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন বিচার বিভাগ। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ উড়োজাহাজগুলো ‘এয়ার ফোর্স ওয়ান’ নামে পরিচিত। সম্প্রতি কাতার সরকারের পক্ষ থেকে নতুন মডেলের একটি উড়োজাহাজ দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প সেটিতে করে সম্প্রতি ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যান। কিন্তু দেশে ফেরার সময় পুরোনো মডেলের আরেকটি উড়োজাহাজ ব্যবহার করেন।

ওয়াশিংটনে ফিরে ট্রাম্প ইরানের পক্ষ থেকে তাঁকে হত্যার হুমকির দাবি করেন। এ সময় প্রকাশিত এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস লিখে, কাতারের দেওয়া মডেলটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী উন্নত ব্যবস্থা ছিল না। তাই নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কর্মকর্তারা উড়োজাহাজ বদল করেন। নতুন জেটটির সংস্কার ও আধুনিকায়নে ট্রাম্প প্রশাসন ৪০ কোটি ডলার খরচ করেছিল। গত সপ্তাহে সেটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।   

প্রতিবেদনটি প্রকাশের পরই চার সাংবাদিকের বিরুদ্ধে সমন জারি হলো। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আগামী সপ্তাহে ম্যানহাটনের একটি আদালতে সাংবাদিকদের তলব করা হয়েছে। ফেডারেল এজেন্টরা কয়েকজন সাংবাদিকের বাড়িতে গিয়ে সমন পৌঁছে দিয়েছেন।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, গত শুক্রবার হোয়াইট হাউসে এফবিআই পরিচালক কাশ প্যাটেল এবং বিচার বিভাগের অন্যান্য কর্মকর্তাদের বৈঠক হয়। এর পরপরই সমনগুলো জারি করা হয়। সমন পাওয়া সাংবাদিকদের মধ্যে আছেন জুলিয়ান ই বার্নেস, এরিক লিপটন, টেইলর পেজার ও এরিক শ্মিট।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) লিখেছে, গণমাধ্যমের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক প্রচারণায় এটি সবশেষ উদাহরণ। যা এরইমধ্যে তীব্র নিন্দার মুখে পড়েছে।

আরও পড়ুন

×