ইম্পেরিয়াল কলেজের তৈরি টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু
ইম্পেরিয়াল কলেজের গবেষণাগারে করোনার সম্ভাব্য টিকা নিয়ে কথা বলছেন দুই গবেষক। ছবি: দ্য গার্ডিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০০:২৭ | আপডেট: ১৬ জুন ২০২০ | ০০:৪৬
যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজের গবেষকদের তৈরি কভিড-১৯ বা নতুন করোনাভাইরাসের একটি সম্ভাব্য টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। ৩০০ জন সুস্থ মানুষের শরীরে টিকাটি প্রয়োগ করা হবে। মঙ্গলবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৮ থেকে ৭০ বছর বয়সী সুস্থ স্বেচ্ছাসেবকদের আগামী কয়েক সপ্তাহ ধরে টিকাটির দু’টি করে ডোজ দেওয়া হবে। প্রথম পর্যায়ে মানুষের ওপর পরীক্ষার ফল ইতিবাচক হলে চলতি বছরের শেষ নাগাদ ছয় হাজার স্বেচ্ছাসেবীর ওপর বিস্তৃত পরিসরে টিকাটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে।
ইম্পেরিয়াল কলেজের গবেষকদের তৈরি সম্ভাব্য টিকার ক্ষেত্রে সিনথেটিক জেনেটিক তন্তু ইনজেকশনের মাধ্যমে মাংসপেশিতে প্রবেশ করানো হয়। এতে শরীরে দ্রুত ভাইরাস প্রোটিন তৈরি হয়। যা মানুষের শরীরের কোষগুলোকে ভবিষ্যতে সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
টিকা তৈরিতে নেতৃত্বদানকারী ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক রবিন শ্যাটক বলেন, টিকাটি প্রাণীদেহের ওপর প্রয়োগের পর দেখা গেছে তা উচ্চমাত্রায় অ্যান্টিবডি করতে পারে। প্রাণীদেহের ওপর প্রয়োগে টিকাটি নিরাপদ প্রমাণিত হওয়ার পরই তা মানব-শরীরে পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত হয়।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দেশটির প্রথম প্রতিষ্ঠান হিসেবে মানুষের ওপর করোনাভাইরাসের টিকার পরীক্ষমূলক প্রয়োগ শুরু করে। কয়েক সপ্তাহের ব্যবধানে দেশটিতে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে টিকার মানব-পরীক্ষা শুরু করলো ইম্পেরিয়াল কলেজ।
টিকা তৈরিতে গবেষণা বাবদ ইম্পেরিয়াল কলেজ যুক্তরাজ্য সরকারের কাছ থেকে ৪ কোটি ১০ লাখ পাউন্ড সহযোগিতা পেয়েছে। এ ছাড়া অন্যান্য সংস্থার কাছ থেকে পেয়েছে আরও ৫০ লাখ পাউন্ড।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জুনের শুরুর দিকেও ১২০টির বেশি দল করোনার টিকা নিয়ে কাজ করছিল। ৪ জুন পর্যন্ত ১০টি দল মানুষের শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে। এদের মধ্যে পাঁচটি চীনে, চারটি যুক্তরাষ্ট্রে এবং একটি যুক্তরাজ্যে। এখন এর সঙ্গে যুক্ত হলো যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ।