নিউজিল্যান্ডে নতুন করে ২ জন করোনায় আক্রান্ত
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০১:১৭
কদিন আগেই নিজেদের করোনামুক্ত ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। দেশটিতে লকডাউন তুলে ফেলে স্বাভাবিক জীবন যাপনের ধারা ফিরে এসেছিল। কিন্তু এরই মধ্যে আবার করোনা সংক্রমণের খবর পাওয়া গেল। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মীরা জানিয়েছেন, ২৫ দিন পর করোনাভাইরাসে নতুন করে দুই জন শনাক্ত হয়েছে। তারা দুজনই বিদেশফেরত। খবর রয়টার্সের।
তারা জানান, শনাক্ত বিদেশফেরত দুইজনই সম্প্রতি যুক্তরাজ্য ভ্রমণ করেছে। ধারণা করা হচ্ছে বিদেশফেরত আরো অনেকে এ ভাইরাসে আক্রান্ত থাকতে পারে।
পুরোপুরি করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসার পর দেশটি গত সপ্তাহে সকল ধরনের বিধিনিষেধ তুলে নেয়। কেবল সীমান্তে বিধিনিষেধ বহাল রয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন অবশ্য সর্তক করেছিলেন, নিউজিল্যান্ডিয়ানরা দেশে ফিরলে ভবিষ্যতে ফের করোনা শনাক্ত হতে পারে। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন করে শনাক্ত দুই জনেই সীমান্ত সংক্রান্ত, সম্প্রতি যুক্তরাজ্য থেকে ভ্রমণ করেছেন তারা।
দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০৬ জন। মারা গেছে ২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৮২ জন।
- বিষয় :
- করোনাভাইরাস
- লকডাউন
- করোনায় আক্রান্ত
- করোনামুক্ত