ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

বেইজিংয়ে করোনা পরিস্থিতি ‘খুবই মারাত্মক’

বেইজিংয়ে করোনা পরিস্থিতি ‘খুবই মারাত্মক’
×

বেইজিংয়ে নতুন করে সংক্রমণ বাড়ছে -ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০১:৩৫ | আপডেট: ১৬ জুন ২০২০ | ০১:৪১

চীনের রাজধানী বেইজিংয়ে করোনাভাইরাস পরিস্থিতি ‘খুবই মারাত্মক’ হয়ে উঠেছে বলে মঙ্গলবার সতর্ক করে দিয়েছেন শহরটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। রাজধানী শহরে নতুন করে আরও ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে সংক্রমণ সামাজিক পর্যায়ে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। এতে দেশটিতে দ্বিতীয় দফায় গণসংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য দিয়েছে এনডিটিভি।

বেইজিংয়ে জিনফাদি নামে একটি পাইকারি খাদ্যপণ্যের বাজারের মাধ্যমে নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। কয়েকদিন আগে বাজারটি বন্ধ করে দেওয়া হয়েছে ও এর আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে। বাজারের সঙ্গে সংশ্লিষ্ট বিপুল সংখ্যক মানুষকে কন্ট্রাক্ট ট্রেসিংসের মাধ্যমে পরীক্ষার আওতায় আনা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩০ মে থেকে অন্তত দুই লাখ মানুষ গেছেন বাজারটিতে।

মঙ্গলবার বেইজিংয়ের আরও একটি বাজার ও এর আশাপাশের এলাকা লকডাউন করা হয়েছে।

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের পর খোদ রাজধানীতেই ফের সংক্রমণ শুরু হওয়ায় চিন্তায় পড়েছে চীন। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বেইজিংয়ে নতুন করে ২৭ জন আক্রান্ত হয়েছেন। গত পাঁচ দিনে রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে। শহরের ৩০টির বেশি এলাকা লকডাউন করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের পরীক্ষা শুরু হয়েছে।

বেইজিং শহর কর্তৃপক্ষের মুখপাত্র জু হেজিয়ান মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, ‘রাজধানীতে সংক্রমণ পরিস্থিতি খুবই মারাত্মক আকার ধারণ করেছে।’ ফলে কেউ বেইজিং ত্যাগ করতে চাইলে তাকে আগে থেকেই কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান হেজিয়ান।

নতুন করে বেইজিংয়ে সংক্রমণ শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শহরে সব বাজার, রেস্টুরেন্ট ও সরকারি ক্যান্টিনে কর্মরতদের করোনা পরীক্ষার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। বেইজিংয়ে দৈনিক পরীক্ষার সক্ষমতার সংখ্যা ৯০ হাজারে উন্নীত করা হয়েছে।

সংক্রমণ যাতে বেইজিংয়ের বাইরে ছড়িয়ে না পড়ে সে জন্য শহরের ট্যাক্সিসহ অন্যান্য ভাড়া গাড়ির ড্রাইভারদের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আগের দিন সোমবার রাজধানীতে সব ইন্ডোর খেলাধুলা ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়। বেইজিং থেকে কেউ অন্য প্রদেশে গেলে তাকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলেছে, বেইজিংয়ের পাশের প্রদেশ হেবেইতে নতুন করে চারজন সংক্রমিত হয়েছেন। সিচুয়ান প্রদেশে শুরু হওয়া সংক্রমণের সঙ্গেও বেইজিংয়ের সম্পৃক্ততা রয়েছে।

আরও পড়ুন

×