পরীক্ষা বন্ধ করলেই করোনা শনাক্ত কমে যাবে: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৩:০৫
বেশি বেশি পরীক্ষাকেই বেশি বেশি করোনাভাইরাস সংক্রমণের জন্য দায়ী করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারা দুনিয়া যখন সংক্রমণ কমানোর জন্য মরিয়া হয়ে লড়ছে, সেখানে সংক্রমণ কমানোর সহজ টোটকা বাতলে দিলেন করোনাকালেও মাস্ক পরতে অনিচ্ছুক এই প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সংক্রমণ বাড়ার পেছনে করোনা পরীক্ষাকেই দায়ী করলেন তিনি। খবর সিএনএনের।
উহানে করোনা বিস্তারের শুরুতে গুরুত্ব না দিয়ে করোনাকে সাধারণ ইনফ্লুয়েঞ্জা হিসেবে আখ্যা দিয়ে রীতিমতো ব্যঙ্গ-বিদ্রুপ শুরু করেছিলেন তিনি। কিন্তু রোগটি চীন থেকে মহামারি আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর টনক নড়ে তার। এরপর তিনি করোনাভাইরাসের উদ্ভাবক হিসেবে চীনকে দায়ী করে বসেন। কিন্তু তার দাবি শেষ পর্যন্ত ধোপে টেকেনি। মাঝখানে সংক্রমণ রোধে শরীরে জীবাণুনাশক ইঞ্জেকশন নেওয়ারও পরামর্শ দিয়েছিলেন তিনি।
সোমবার বয়স্ক নাগরিকদের সহযোগিতা-বিষয়ক এক সভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'যদি আপনি পরীক্ষা বন্ধ করে দেন তাহলে কোনো করোনা রোগীই পাবেন না। যদি আমরা এই মুহূর্তে করোনা টেস্ট করা বন্ধ করে দিই তাহলে আমরা খুব কমই করোনা রোগী পাব।'
এর আগে সোমবার সকালে দেওয়া এক টুইটবার্তায় ট্রাম্প বলেছেন, 'অন্য দেশের চেয়ে আমাদের দেশে করোনার পরীক্ষা ব্যাপক আকারে ও উন্নত পদ্ধতিতে হচ্ছে। এ কারণেই অনেক বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। পরীক্ষা না হলে বা দুর্বল পদ্ধতিতে পরীক্ষা হলে দেখা যেত, এই দেশে করোনা সংক্রমিত কোনো রোগীই প্রায় নেই।'
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২২ লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছেন এক লাখ ১৮ হাজারের বেশি। প্রথমদিকে নিউইয়র্ক সবচেয়ে বেশি সংক্রমিত হলেও বর্তমানে আরকানসাস,টেক্সাস, অ্যারিজোনা, অ্যালাবামা, ওকলাহোমা, ফ্লোরিডাসহ অন্তত ২০টি রাজ্যে প্রতিদিনই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তারপরও ট্রাম্প প্রশাসনের দাবি, সবকিছু স্বাভাবিক আছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের সুরেই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, 'পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে নাটকীয়ভাবে বেশি করে পরীক্ষা করানোর কারণে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।' তবে সমালোচকরা ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব না দিতে বলেছেন। তারা বলেন, 'প্রেসিডেন্ট অন্ধ হলেই করোনা বন্ধ হয়ে যাবে না।'