করোনা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার জন্য চীনকে দোষারোপ করলো ইইউ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৭:৪৭ | আপডেট: ১৭ জুন ২০২০ | ০৯:০৮
করোনাভাইরাস (কোভিড -১৯) মহামারি সম্পর্কে বিশ্বের কাছে মিথ্যা তথ্য দেওয়ার জন্য চীনকে দোষারোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি জানিয়েছে, শুরু থেকেই চীন করোনাভাইরাস মহামারি নিয়ে বিশ্বে মিথ্যা তথ্য দিয়ে ক্যাম্পেইন চালিয়েছে। এতে করে সারাবিশ্বে বিভ্রান্তি সৃষ্টি করেছে তারা।
শুধু তাই নয়, করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরও তথ্য লুকিয়ে চীন বিশ্বে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ ইইউর।
ভুল তথ্য ছড়ানোর জন্য চীনকে দায়ী করে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ভেরা জৌরোভা বলেছেন, আমি বিশ্বাস করি, যদি আমাদের কাছে প্রমাণ থাকে তবে চীনকে সরাসরি আমরা দায়ী করতেই পারি। চীনের নাম নেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিৎ নয়। এই প্রথম কোনো ইইউর নির্বাহী প্রকাশ্যে চীনকে সরাসরি দোষারোপ করেছেন। খবর দ্য সিঙ্গাপুর পোস্টের
ইইউ জানিয়েছে, চীনের ভুল বার্তা এবং তথ্য আড়াল করার কারণেই এই মহামারি। বিশ্বের লাখো মানুষের মৃত্যু এবং অর্থনৈতিক বিপর্যয়ের জন্যও চীন কখনই দায়মুক্তি পেতে পারে না।
সম্প্রতি বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়ানো নিয়ে চীনকে দোষারোপ করে তৈরি করা প্রতিবেদন প্রকাশ না করার জন্য ইইউকে চাপ দিয়েছে বেইজিং। তবে শেষ পর্যন্ত সেই প্রতিবেদন থামাতে পারেনি চীন।
চীনের এমন পদক্ষেপের পরই ইইউ ফের অভিযোগের আঙুল তুলেছে দেশটির দিকে।
ইউরোপীয় ইউনিয়নের নেতারা এবং যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা বরাবরই করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ব্যাপারে চীনকে দোষারোপ করে আসছে। করোনাভাইরাস ছড়ানোর পেছনে চীনের দায় থাকার ব্যাপারে তৈরি করা প্রতিবেদন প্রকাশের সূচি ঠিক করা ছিল ২১ এপ্রিল। তবে চীনের তদবিরের জন্য সেটা পিছিয়ে যায়।
সেসময় চীন সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ইউরোপীয় ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বলেন, যদি ওই প্রতিবেদন প্রকাশ করা হয় আজ, তাহলে সহযোগিতার সম্পর্ক অত্যন্ত খারাপ হবে।
- বিষয় :
- করোনাভাইরাস
- চীন
- ইউরোপীয় ইউনিয়ন