যুক্তরাষ্ট্রে দক্ষিণপন্থী ৯০০ অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২০ | ০৪:০৯ | আপডেট: ১৯ জুন ২০২০ | ০৪:২৯
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে পুলিশি অত্যাচারে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সারা দেশে বর্ণবৈষম্যবিরোধী প্রতিবাদ আন্দোলনের ঢেউ জাগে। এ ধরনের বেশ কয়েকটি বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে দেশটির দক্ষিণপন্থীদের বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে তাদের ৯০০ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। এর মধ্যে ৫০০টি ফেসবুক অ্যাকাউন্ট ও বাকিগুলো ইনস্টাগ্রামের। খবর এপির।
পুলিশ বলেছে, হামলাকারীরা ‘প্রাউড বয়েজ’, ‘আমেরিকান গার্ড’-এর মতো বিভিন্ন গোষ্ঠীর সদস্য। গত সপ্তাহে সিয়াটলে বর্ণবিদ্বেষবিরোধী এক সমাবেশে গোলমাল পাকানোর অভিযোগ উঠেছিল এই সব গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে। ফেসবুকের মাধ্যমে বিদ্বেষ ও ঘৃণামূলক বার্তা ছড়ানোর জন্য তাদের অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র। একই সঙ্গে বলা হয়েছে, বিভিন্ন ধরনের অস্ত্র ও বিদ্বেষমূলক বার্তার ছবি পোস্ট করে মানুষকে হুমকি দেওয়ার জন্য ফেসবুকের মতো মাধ্যম কোনোভাবেই ব্যবহার করা যাবে না।
ওকল্যান্ডে এক নিরাপত্তারক্ষীর খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই দক্ষিণপন্থীকে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অ্যাকাউন্টে কিছু বদল আনা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার মার্ক জ়াকারবার্গ। এ জন্য চালু করা হচ্ছে ‘ভোটিং ইনফরমেশন সেন্টার’ নামে একটি বিশেষ বিভাগ। যেখানে প্রাদেশিক কর্তাদের কাছ থেকে নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীদের নিউজ ফিডে দেওয়া হবে। কভিড-১৯ মহামারি নিয়েও একই ধরনের কাজ করেছে ফেসবুক।
অবশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ‘ভুল তথ্য’ সরানো হবে না বলে অনড় জ়াকারবার্গ।