সবাই যাতে বাংলাদেশে ভালোভাবে চলতে পারি, সেটিই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি: প্রধানমন্ত্রী
বাটাজোড়-সরিকল খালের পুনঃখনন-পরবর্তী দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সমকাল
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৫:১২
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই যাতে আগামী দিনে বাংলাদেশে ভালোভাবে থাকতে ও চলতে পারে, সেটিই বর্তমান সরকারের রাজনীতি। সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য।
সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড়-সরিকল খালের পুনঃখনন-পরবর্তী দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর বাটাজোড় অশ্বিনীকুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাত শতাধিক ফ্যামিলি কার্ডধারী নারীর সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, 'সবাই যাতে বাংলাদেশে ভালোভাবে চলতে পারি, সেটিই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি। সেটিই আমাদের লক্ষ্য, সেটিই আমাদের উদ্দেশ্য। আমরা সবাইকে নিয়ে শান্তিতে চলতে চাই। সে জন্য আমাদের স্লোগান-‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার জন্যও বাংলাদেশ’।'
প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। নিম্নআয়ের পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আরও কার্যকর ও সম্প্রসারণ করা হবে।
নারী শিক্ষার বিষয়ে তিনি বলেন, দেশের প্রতিটি মেয়ের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। মেয়েদের স্নাতক (ডিগ্রি) পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে অর্থাভাবে কোনো শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে না পড়ে।
সকলকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা দেশে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিতে চলতে চাই। আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ-যেই হই না কেন, সবাই মিলে একসঙ্গে দেশটাকে গড়ে তুলব। ধৈর্য ও পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।'
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছালে বরিশাল-ঢাকা মহাসড়কের প্রায় ২০ কিলোমিটারজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া স্থানীয় বাসিন্দা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ জাতীয় ও দলীয় পতাকা নেড়ে এবং স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
সকাল সাড়ে ১০টার দিকে বাটাজোড়-সরিকল খালের পাড়ে পৌঁছে তিনি তিনটি গাছের চারা রোপণ করেন। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির মোট দুই হাজার ৫০০টি গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গাছ লাগানোই শেষ কথা নয়, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষা, জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গৌরনদীতে এটিই তারেক রহমানের প্রথম সফর। এর আগে ২০০৩ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজনৈতিক কর্মসূচিতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সফর করেছিলেন তিনি।
- বিষয় :
- তারেক রহমান
- রাজনীতি
- বরিশাল